ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরসহ উপজেলার ১৫টি ইউনিয়নে এলপিজি গ্যাসের মূল্য বৃদ্ধি পাওয়ায় জনসাধারণের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। মঙ্গলবার সরজমিন দেখা গেছে, উপজেলার বিভিন্ন ছোট-বড় দোকানে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নির্ধারিত খুচরা মূল্য ১ হাজার ৩৪১ টাকা হলেও তা মানা হচ্ছে না। একই সিলিন্ডার রিফিল করতে ক্রেতাদের গুনতে হচ্ছে ১ হাজার ৬৫০ টাকা থেকে শুরু করে ১ হাজার ৮৫০ টাকারও বেশি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হলেও বাজার নিয়ন্ত্রণে কার্যকর কোনো পরিবর্তন আসেনি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। গফরগাঁও রেলস্টেশনের চা দোকানদার মো. আকরাম হোসেন জানান, ১২ কেজি গ্যাস রিফিল করতে তাদের ১ হাজার ৬৫০ থেকে ১ হাজার ৭৫০ টাকার বেশি দিতে হচ্ছে, যা ব্যবসা পরিচালনায় বাড়তি চাপ সৃষ্টি করছে। গৃহিণী তাহমিনা জানান, গ্যাসের দাম বৃদ্ধি পাওয়া আমরা এখন লাকড়ি দিয়ে রান্না করছি। অন্যদিকে বিকল্প জ্বালানি হিসেবে ব্যবহৃত গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাকড়ির দামও বেড়েছে। ফলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য রান্নার খরচ বহন করা কঠিন হয়ে পড়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি ও দ্রুত পদক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।
গফরগাঁওয়ে এলপি গ্যাসের দাম বৃদ্ধিতে দুর্ভোগ
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
২৫ মার্চ (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
