দলের নাম ভাঙিয়ে কেউ অপরাধ করলে ছাড় দেয়া হবে না: রিতা

ফন্ট সাইজ:

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন- সঠিক সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে। সবাই সম্মিলিতভাবে সততা, আদর্শ এবং ন্যায় সঙ্গতভাবে দেশের জন্য কাজ করলেই মাননীয় প্রধানমন্ত্রী যে বাংলাদেশ গড়তে চাচ্ছেন ইনশাআল্লাহ সেই সোনার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। গত সোমবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নিজের ইউনিয়নবাসীর সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আমরা পরিবর্তন চাই, অতীতে কে কি করেছে তা নিয়ে এখন ভাবার প্রয়োজন নেই। আমরা এমন পরিবর্তন চাই যাতে মানুষ বুঝতে পারে বাংলাদেশে একটি দল রয়েছে, সেটি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। যে দল আইনের শাসন প্রতিষ্ঠা করবে মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে। বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, নির্বাচনের সময় আমি সাধারণ মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছি তা এখন বাস্তবায়ন করতে হবে। প্রতিশ্রুতিগুলো পূরণ করতে না পারলে সেই দায় আমারই থাকবে। মন্ত্রী আরও বলেন, আমি চাই একটি সুন্দর মানিকগঞ্জ গড়ে তুলতে। যেখানে ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবাই মিলেমিশে থাকতে পারি। যেখানে সন্ত্রাস চাঁদাবাজিদের ঠাঁই হবে না। দলের নাম ভাঙিয়ে কেউ অপরাধ করলে ছাড় দেয়া হবে না। দলীয় নেতাকর্মীদের কাছে এটা আমার কঠোর নির্দেশ। নবগ্রাম ইউনিয়ন বিএনপি’র সভাপতি আদম আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট মোকছেদুর রহমান, এডভোকেট আজাদ হোসেন খান, এডভোকেট নূরতাজ আলম বাহার, এডভোকেট জহির আলম লদি, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, ড্যাবের সাধারণ সম্পাদক ডাক্তার জিয়াউর রহমান জিয়া, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী আশরাফসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আফরোজা খানম রিতা বলেন- আমাদের সরকার ক্ষমতায় এসেছে মাত্র এক মাস। এরই মধ্যে ফ্যামিলি কার্ড দেয়া শুরু হয়ে গেছে। কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হয়েছে। পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড আসবে তারপর আসবে স্বাস্থ্য কার্ড। আমরা যারা দল করি এবং দলকে ভালোবাসি সেই লক্ষ্য নিয়েই আমাদের কাজ করতে হবে। এই পাঁচ বছর যেন আমরা আমাদের সুনাম ধরে রাখতে পারি। আগামী নির্বাচনে মানুষজন যাতে বলতে পারে বাংলাদেশে বিএনপিই একমাত্র দল যে দলের কাছে দেশ নিরাপদ তাই তাদেরই আবার ক্ষমতায় আনতে হবে। এ সময় সনাতনী ধর্মের মানুষজনের উদ্দেশ্যে রিতা বলেন, আমরা ধর্ম-বর্ণ- নির্বিশেষে একটা পরিবারের মধ্যে আছি। এই নির্বাচনে আপনারা বিএনপিকে ভোট দিয়ে প্রমাণ করে দিয়েছেন ধর্ম যার যার বাংলাদেশ সবার। দলের তরুণ নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, কোনো তরুণ ছেলে পেলে বিচার সালিশে বসতে পারবে না এটা আমার নির্দেশ। যদি বসে তবে তার দায়ভার এলাকার মুরুব্বিদের নিতে হবে। বিচার-সালিশের জন্য এলাকার চেয়ারম্যান এবং গ্রাম্য আদালত রয়েছে। বিমানমন্ত্রী বলেন- শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত এই নবগ্রামটি স্থানীয়দের কাছে জিয়া নবগ্রাম নামে পরিচিত। তিনি তিনবার এই গ্রামে এসেছিলেন। প্রতিষ্ঠা করেছিলেন জিয়া শিশুপার্ক। জিয়াউর রহমানের স্মৃতিকে ধরে রাখতে এই শিশুপার্কটি সংস্কার করে শিশুদের চিত্ত বিনোদনের জন্য মডেল হিসেবে গড়ে তোলা হবে। নির্বাচন পরবর্তী এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করতে রিতা নবগ্রামের মাটিতে পদার্পণ করায় সেখানকার সাধারণ মানুষের মধ্যে বিরাজ করে উৎসাহ- উদ্দীপনা। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে ফুল দিয়ে বরণ করে নেন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন