স্বাধীনতা দিবসে দু’দিনের কর্মসূচি বিএনপি’র

ফন্ট সাইজ:

স্বাধীনতা ও জাতীয় দিবস ঘিরে দু’দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে রয়েছে, আজ বেলা আড়াইটায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা, ২৬শে মার্চ ভোরে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় স্মৃতিসৌধে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের শেষে সেখানে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন। এরপর ওই দিন শেরেবাংলা নগরে বিএনপি’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন দলের নেতাকর্মীরা। ওই সময় সেখানে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিলও হবে। গত রোববার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আমাদের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ যে অর্জন, আমাদের মহান স্বাধীনতা আমাদেরকে একটি স্বতন্ত্র পরিচয় দিয়েছে বিশ্ব মানচিত্রে আন্তর্জাতিক সমপ্রদায়ের কাছে। এই দিনটি অত্যন্ত তাৎপর্যমণ্ডিত। কেবল তাই নয়, হাজার বছরের সংগ্রাম, যুদ্ধ এবং রক্তপাতের মধ্যে দিয়ে আমাদের স্বাধীনতা প্রস্ফুটিত হয়ে উঠেছে, আমাদের স্বাধীনতা চূড়ান্ত লক্ষ্য অর্জনে উপনীত হয়েছিল ২৬শে মার্চ।


রুহুল কবির রিজভী বলেন, দেশের এক অকুতোভয় বীর সেদিনের মেজর জিয়াউর রহমান এই দিনে স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে যে দিশা দিয়েছিলেন সেই দিশায় ছাত্র, শ্রমিক, কৃষক, মজুর এবং জনগণ ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এই যুদ্ধ ছিল পৃথিবীর সকল মানুষের কাছে প্রেরণাদায়ক, এই যুদ্ধ ছিল রক্তক্ষয়ী। এই যুদ্ধে হাসতে হাসতে জীবন দানকারী মুক্তিযোদ্ধারা যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা অমর হয়ে থাকবে। স্বাধীনতা দিবস পালনে বিএনপি এই কর্মসূচি গ্রহণ করেছে। ওদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে দলের পক্ষ থেকে পোস্টার প্রকাশ করা হয়েছে এবং এ দিনটিতে বিভিন্ন জাতীয় দৈনিকে ক্রোড়পত্রও প্রকাশ করা হবে। এ ছাড়া দু’দিনের কেন্দ্রীয় কর্মসূচি ছাড়াও জেলা, পৌরসভায় সকল ইউনিট দিবসটি উপলক্ষে আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচি হাতে নিয়েছে। অন্যদিকে অঙ্গ ও সহযোগী সংগঠন নিজ নিজ উদ্যোগে কর্মসূচি নেবে জানিয়ে রিজভী বলেন, বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এসব কর্মসূচি সফল করার অনুরোধ জানানো হচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন