কুমিল্লার চৌদ্দগ্রামে রাজনৈতিক প্রতিহিংসায় আ’লীগ নেতা মনোহর আলীর নেতৃত্বে একটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটসহ নারীদের শ্লীলতাহানি করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সরজমিন পরিদর্শনকালে এলাকাবাসী এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এর আগে গত শুক্রবার উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের যুগীরহাট গ্রামে এ ঘটনা ঘটে। থানায় দায়েরকৃত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যুগীরহাট গ্রামের আ’লীগ নেতা মনোহর আলী, মো. শাহজাহান, জালাল হোসেন, মো. বসির ও আবুল কাশেম রাজনৈতিক প্রতিহিংসায় ইতোপূর্বে একই গ্রামের হাফেজ মজুমদার এবং তাঁর পরিবারকে বেশ কয়েকবার মারধর ও হুমকি দিয়ে আসছে। তারা গত বছরের ২২ নভেম্বর হাফেজ মজুমদারের পিতা শফিকুর রহমান মজুমদারকে বাড়ির পাশের মসজিদে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। হামলার কয়েকদিন পর শফিকুর মারা যান। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার রাত ১২টায় মনোহর আলীর নেতৃত্বে অস্ত্রসস্ত্র নিয়ে তারা হাফেজ মজুমদারের বসতঘর ও রান্নাঘর ভাঙচুর করে লুটপাট করে। হামলাকারী জালাল হোসেন ঘরে থাকা আয়েশা আক্তার ও আমেনা আক্তারকে শ্লীলতাহানির চেষ্টা করে। এছাড়াও মো. বসির অস্ত্রের ভয় দেখিয়ে রুধাবা আফরিনের গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। পরে ৯৯৯-এ কল করলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে মঙ্গলবার দুপুরে আ’লীগ নেতা মনোহর আলী বলেন- আমিও একটি অভিযোগ করেছি। সেটির তদন্ত চলছে। এর বেশি কিছু বলতে রাজি নন তিনি। চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক সামছুল আরেফীন বলেন- অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
চৌদ্দগ্রামে আওয়ামী লীগ নেতার নেতৃত্বে ভাঙচুর-লুটপাট, নারীর শ্লীলতাহানি
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
২৫ মার্চ (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
