হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে এলপি গ্যাসের সংকট প্রকট আকার ধারণ করেছে। দেশের অন্যান্য অঞ্চলের মতো হবিগঞ্জসহ জেলার বিভিন্নস্থানে গ্যাস সংকটের ভোগান্তি বাড়ছে। সেই সুযোগে সরকার নির্ধারিত মূল্য আমলে না নিয়ে ইচ্ছেমতো দাম চড়িয়েছেন ব্যবসায়ীরা। সরকার এলপি গ্যাসের ভ্যাট প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করলেও বাজারে এর কোনো প্রভাব পড়েনি। শায়েস্তাগঞ্জ বিভিন্ন বাজারে দুই হাজার থেকে তিন হাজার টাকায়ও সিলিন্ডার গ্যাস মিলছে না। গ্রামাঞ্চলের বাজারগুলোতে পরিস্থিতি আরও জটিল। ব্যবসায়ীদের দাবি, সিন্ডিকেটের কারণে নয়, গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে- সরবরাহ ও মজুতের সংকটের কারণে। বাড়তি দামে কিনে তাদের বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। খুচরা পর্যায়ে প্রতিটি সিলিন্ডার গ্যাস দুই হাজার থেকে শুরু করে তিন হাজার টাকা দরে বিক্রি হলেও এখন গ্যাস পাওয়া যাচ্ছে না বলে ক্রেতারা জানিয়েছেন। শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর বাজার ঘুরে দেখা যায়, কোনো দোকানে সিলিন্ডার গ্যাস নেই। ১৫ দিন ধরে এসব দোকানে কোনো নতুন সিলিন্ডার আসছে না। ফলে শায়েস্তাগঞ্জ পুরান বাজারগুলোতে চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। গোপলার বাজার এলাকার এলপিজি গ্যাস ব্যবসায়ী আব্দুল ওয়াহিদ বলেন, ১৫ দিন ধরে শায়েস্তাগঞ্জ কোনো গ্যাস সিলিন্ডার আসেনি, তাই তারা গ্যাসশূন্য ব্যবসা করছেন। তিন হাজার কেন, পাঁচ হাজার টাকা হলেও গ্যাস দিতে পারছেন না। গ্যাস সিলিন্ডারের কয়েকজন ডিলারের সঙ্গে কথা বলে জানা গেছে, কোম্পানির শিডিউল অনুযায়ী গ্যাস সরবরাহ করা হয়। রমজান মাসে কোম্পানির সরবরাহ একটু বাড়ানোর কথা; কিন্তু এখনো গ্যাস আসছে না। ডিলারদের তথ্যমতে, শায়েস্তাগঞ্জের বিভিন্ন গ্রামে ১৫ হাজার আবাসিক পরিবার, এক হাজার হোটেল-রেস্তরাঁ ও চায়ের দোকানে এলপি গ্যাস ব্যবহার করা হয়। গ্যাসের সংকটের কারণে তারা চরম বিপাকে পড়েছেন। গ্যাস সিলিন্ডারের ক্রেতা শায়েস্তাগঞ্জ শহরের বাসিন্দা সবেদ মিয়া বলেন, শায়েস্তাগঞ্জ ঘুরে গ্যাস পাইনি, পরে হবিগঞ্জ সদর থেকে তিন হাজার টাকা দিয়ে ১২.০৩ কেজি সিলিন্ডার নিয়ে এসেছি। বসুন্ধরা কোম্পানির ডিলার একতা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সফিক আহমদ বলেন, কোম্পানির শিডিউল অনুযায়ী গ্যাস সরবরাহ করা হয়। তাদের চাহিদামতো গ্যাস সরবরাহ করা হয় না। রমজান মাসে কোম্পানির সরবরাহ এখনো আসেনি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্ত বলেন, আমরা অতিরিক্ত দামে গ্যাস বিক্রির জন্য ইতিমধ্যে শায়েস্তাগঞ্জ বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে বেশ কয়েকজন সিলিন্ডার গ্যাস ব্যবসায়ীকে জরিমানা ও সাজা প্রদান করেছি। হবিগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অফিসের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ বলেন, এ ব্যাপারে তারা নিয়মিত মনিটরিং চালাচ্ছেন। এছাড়া বাজার নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত রয়েছে।
শায়েস্তাগঞ্জে বাড়তি টাকা দিয়েও মিলছে না গ্যাস সিলিন্ডার
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
২৫ মার্চ (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
