চলছে ত্রয়োদশ সংসদ নির্বাচন। সকালে মোহাম্মদপুরের দুটি কেন্দ্র ঘুরে দেখা গেলো বেশ উৎসবমুখর পরিবেশ ভোটগ্রহণ চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বেশ তৎপর রয়েছে কেন্দ্রগুলোতে। সকাল থেকে কোনো কেন্দ্র থেকে এখনও নেতিবাচক ঘটনার খবর মেলেনি। মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলানগর ও লালমাটিয়া অঞ্চল নিয়ে মূলত মোহাম্মদপুর ১৩ আসনের ভোট চলছে।
এদিকে এই আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি থেকে নির্বাচন করছেন ববি হাজ্জাজ। অন্যদিকে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে রিক্সা প্রতীকে লড়ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। এই আসনের দুটি কেন্দ্র মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল ও শারীরিক শিক্ষা কলেছে সরেজমিনে দেখা গেছে, বেশ উৎসবের আমেজে ভোট দিচ্ছেন ভোটাররা। তবে সকাল ৯টা পর্যন্ত ভোটারদের উপস্থিতি বেশ কমই দেখা গেছে। শারীরিক শিক্ষা কলেজে বিল্লাল নামের এক ভোটার বলেন, প্রায় ১২ বছর পর ভোট দিচ্ছি। তাই ভালো লাগছে। আশা করি সবাই শান্তিতে ভোট দিতে পারবেন এবার। মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলেও দুই সারিতে দাড়িয়ে ভোট দিতে দেখা গেছে ভোটারদের। এখানেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভোটারদের সংখ্যা।
