ভোট যদি সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তাহলে আমরা মেনে নেব, অন্যদেরও মানতে হবে। ছোট-খাটো বিষয় হলে আমরা অগ্রাহ্য করব, আর বড় বিষয় হলে ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার পর রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট দিতে আসেন জামায়াত আমীর। ভোট শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘দেড় যুগ পর আজকে ভোট দিতে পেরে শুকরিয়া আদায় করছি। আমি আশা করছি, এই ভোটের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠিত হবে। যে সরকার হবে সবার সরকার, কোন ব্যক্তি বা পরিবারের হবে না।’
নির্বাচনের পরিবেশ সম্পর্কে বলেন, ‘কেবল আসলাম, সারাদেশে খোঁজ নেবো, ছোট-খাটো কোনো বিষয় হলে আমরা এড়িয়ে যাবো, বড় বিষয় হলে যা করার করা হবে।’
সারাদেশে টাকা ছড়ানো সংক্রান্ত খবরের বিষয়ে জামায়াত আমীর বলেন, ‘একেক মিডিয়া একেক রকম খবর দিয়েছে। মিডিয়া নিরপেক্ষ ভূমিকা পালন করছে না।’
তিনি বলেন, ‘যুব সমাজ ও বর্তমান প্রজন্ম এবার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন। ভোট গ্রহণযোগ্য নিরপেক্ষ হোক এটা আমরা চাই। মিডিয়ার কাছে আমার প্রত্যাশা তারা যেন দায়িত্বশীল আচরণ করে।’
ভোট কেন্দ্রে বিপুল সংখ্যক পুলিশ র্যাবসহ অন্যান্য বাহিনী মোতায়েন রয়েছে এখানে। কড়া নিরাপত্তার অন্যতম কারণ এখানে ভোট দেন ঢাকা-১৫ আসনের প্রার্থী ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
