রোনান সুলিভানের জোড়া গোলে পাকিস্তানকে হারালো বাংলাদেশ

রোনান সুলিভানের জোড়া গোলে পাকিস্তানকে হারালো বাংলাদেশ

ফন্ট সাইজ:

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। মালদ্বীপের রাজধানী মালের ন্যাশনাল স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথমার্ধ জুড়ে বল দখলে রেখে একচেটিয়া আধিপত্য বিস্তার করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি মার্ক কক্সের শিষ্যরা। তবে দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন রোনান সুলিভান। যার মধ্যে ফ্রি কিকে যে গোলটা রোনান করেছেন, সেটা বিশ্বমানের ফুটবলারদের ফ্রি-কিককেই মনে করিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্র প্রবাসী এই ফুটবলার দ্বিতীয় গোলটি করেছেন দারুণ এক হেডে।

পাকিস্তান ম্যাচের আগে থেকেই আগ্রহের কেন্দ্রে ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই ভাই রোনান সুলিভান ও ডেকলাইন সুলিভান। ম্যাচের শুরুতে ডেকলাইনকে না দেখা গেলেও একাদশে ছিলেন রোনান। এদিন শুরুতেই একটি কর্নার আদায় করে নেয় বাংলাদেশ, যদিও ফিনিশিংয়ের অভাবে তা থেকে গোল আদায় করা সম্ভব হয়নি। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মাঝমাঠের নিয়ন্ত্রণ ও বল পজিশন পুরোপুরি নিজেদের করে নেয় বাংলাদেশ। টানা আক্রমণে পাকিস্তানকে রীতিমতো কোণঠাসা করে ফেলে তারা। প্রথমার্ধের নির্ধারিত সময়ের পর আরও ৬ মিনিট যোগ করা সময় দেয়া হয়। তবে শেষ পর্যন্ত কোনো দলই জালের দেখা পায়নি। বয়সভিত্তিক এই টুর্নামেন্টে ২০১৫ সালে প্রথম অংশ নিয়ে সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল বাংলাদেশ। এরপর থেকে অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০ পর্যায়ে মোট সাতবার খেলেছে। যার মধ্যে চ্যাম্পিয়ন একবার ২০২৪ সালে। অন্য ছয়বারের মধ্যে রানার্সআপই চারবার। অন্যদিকে পাকিস্তান খেলছে মাত্র দ্বিতীয়বারের মতো। টুর্নামেন্টের সেমিফাইনালে এক পা দিয়ে রাখতে এই ম্যাচে ৩ পয়েন্টের দরকার ছিল বাংলাদেশের। কারণ আগামী ২৮শে মার্চ গ্রুপের শেষ ও কঠিনতম ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে তারা। সে ম্যাচের চাপ কমাতেই দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন যুক্তরাষ্ট্র প্রবাসী রোনান সুলিভান। প্রথমার্ধে সতীর্থদের কাছ থেকে সেভাবে বলের জোগান না পেলেও দ্বিতীয়ার্ধে অসাধারণ খেলেছেন তিনি।

অনেক প্রচেষ্টার পর ম্যাচের ৫৪ মিনিটে দারুণ এক ফ্রি-কিক শট থেকে বাংলাদেশকে প্রথম সাফল্যে এনে দেন রোনান। ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে জাল খুঁজে নেন মেজর লীগ সকারে (এমএলএস) ফিলাডেলফিয়া ইউনিয়নের বয়সভিত্তিক দলের হয়ে খেলা এ ফরোয়ার্ড। ৫৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। তবে ওয়ান অন ওয়ান পজিশনে বল পেয়েও সুযোগ হাতছাড়া করেন মো. মুর্শেদ আলী। ৬১ মিনিটে ডি-বক্স থেকে হেডে বাংলাদেশের জালে বল জড়িয়েছিল পাকিস্তান। তবে গোলরক্ষককে ফাউল করায় গোলটি বাতিল করে দেন রেফারি। ৬৫ মিনিটে ডি-বক্স থেকে নেয়া মুর্শেদ আলীর নিচু শট পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। ম্যাচের ৬৭ মিনিটে সতীর্থ শেখ সংগ্রামের বাড়ানো দারুণ এক লং পাস থেকে দুর্দান্ত হেডে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন রোনান। রোনানের জোড়া গোলের পর পুরোপুরি দিশাহারা হয়ে পড়ে পাকিস্তান।

ম্যাচের বাকিটা সময়ও ছিল বাংলাদেশের একচেটিয়া আধিপত্য। বলের দখল নিজেদের পায়ে রেখে পাকিস্তানকে নিজেদের অর্ধে ঢুকতেই দেয়নি লাল-সবুজ জার্সিধারীরা। নির্ধারিত ৯০ মিনিটের পর ৭ মিনিট যোগ করা সময় দেয়া হলেও ম্যাচে ফেরার কোনো সুযোগই তৈরি করতে পারেনি পাকিস্তান। ম্যাচশেষে বাংলাদেশের পতাকা হাতে সমর্থকদের সঙ্গে জয়ের আনন্দ ভাগ করে নেন সুলিভান ব্রাদার্স। এ ম্যাচের স্কোয়াডে থাকলেও অবশ্য অভিষেক হয়নি ডেকলাইন সুলিভানের। ‘বি’ গ্রুপে বাংলাদেশ ও পাকিস্তানের অপর প্রতিপক্ষ শক্তিশালী ভারত। আগামী ২৮শে মার্চ গ্রুপের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে গতকাল ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ৩ পয়েন্ট পাওয়ায় সেমিফাইনালে যাওয়ার পথ প্রায় নিশ্চিত করে ফেলেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন