অবশেষে ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেন হামজা

অবশেষে ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেন হামজা

ফন্ট সাইজ:

ভিয়েতনামে প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ দল সেখানে পৌঁছেছে ঈদের দিনই। কিন্তু হামজা চৌধুরী দলের সঙ্গে যেতে পারেননি। অবশেষে গতকাল ভিয়েতনামে পৌঁছেছেন বাংলাদেশের এই তারকা ফুটবলার। ভিয়েতনাম-সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে ২০শে মার্চ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ২৩ সদস্যের দল ঘোষণা করে। বাফুফের ঘোষিত দলে শমিত-জামাল-শেখ মোরসালিনদের সঙ্গে আছে ছিল হামজার নামও। দল ঘোষণার পর দিনই (২১শে মার্চ) হামজার ভিয়েতনামে পৌঁছানোর কথা ছিল। তবে নির্ধারিত সময়ে হাজমা চৌধুরী দলের সঙ্গে যোগ দিতে পারেননি। নির্ধারিত সময়ে কেন পৌঁছাতে পারেননি, সেই ব্যাখ্যায় বাংলাদেশ ফুটবল দলের ম্যানেজার আমের খান বলেন, ‘আসলে হামজার আসার যে তারিখটা ছিল, সেটা নিয়ে অনেকে বিভ্রান্তিতে ছিলেন। কেউ বলেন ২১ তারিখ। আসলে আমরাও এভাবে তৈরি ছিলাম। ২২ তারিখ হামজা এখানে জয়েন করবে।

যেহেতু হামজার একটা ম্যাচ ছিল, প্রথমে তার দলের সঙ্গে থাকার কথা ছিল না। কিন্তু পরে তার নাম খেলোয়াড়দের তালিকায় ছিল। এ কারণে হামজার আসতে একটু দেরি হয়েছে।’ গতকাল আমের খান হামজাকে এয়ারপোর্ট থেকে আনতে যান। গতকাল বিকালে হ্যানয়ে বাংলাদেশ দলের অনুশীলন ছিল স্থানীয় সময় বিকাল পাঁচটায়। হামজা হংকং ও ভারতের বিপক্ষে ম্যাচের আগে ঢাকায় যখন এসেছিলেন তখন ইংল্যান্ড থেকে সকালে এসে বিকালে অনুশীলন করেছেন। গতকাল ভ্রমণক্লান্তির কারণে প্র্যাকটিস করেননি লেস্টার সিটির এই ফুটবলার। তবে মাঠে বসে সতীর্থদের অনুশীলন দেখেছেন। সেখানে হামজা চৌধুরী বলেন, ‘এখানে আসতে আমার খুব একটা সমস্যা হয়নি। ১৫ ঘণ্টার মতো লাগছে। আমি পুরোপুরি সুস্থ আছি। আশা করি কালকে থেকে দলের সঙ্গে অনুশীলন করতে পারবো।’ ২৬শে মার্চ প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ভিয়েতনাম। ভিয়েতনাম ম্যাচের এক সপ্তাহ না পেরোতেই সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই দু’টি ম্যাচই বাংলাদেশের জন্য অ্যাওয়ে ম্যাচ। যার মধ্যে ৩১শে মার্চ বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচটি এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের অন্তর্ভুক্ত। ১১ পয়েন্ট নিয়ে এশিয়ান কাপ বাছাইপর্বে ‘সি’ গ্রুপের শীর্ষে সিঙ্গাপুর। দুই, তিন ও চারে থাকা হংকং, বাংলাদেশ ও ভারতের পয়েন্ট ৮, ৫ ও ২। প্রত্যেকেই পাঁচটি করে ম্যাচ খেলেছে। যেখানে গত বছরের নভেম্বরে জাতীয় স্টেডিয়ামে ভারতকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ২৬শে মার্চ ভিয়েতনামের বিপক্ষে বাংলাদেশের প্রীতি ম্যাচ। ওই ম্যাচ খেলে পরদিন সিঙ্গাপুর রওনা হবেন জামালরা। ৩১শে মার্চ সিঙ্গাপুর ম্যাচ খেলে জামালরা ঢাকায় আসবেন আর হামজা ইংল্যান্ড ফিরে যাবেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন