বাগেরহাটের শরণখোলায় রিয়া মনি (১৫) নামের এক কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকে তাকে মাদক কারবারিদের সঙ্গে সখ্যতা রয়েছে বলে অভিযোগ করেছেন। মঙ্গলবার ৬টার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের পাকিস্তান সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মরহুম মাওলানা একেএম ইউসুফ সাহেবের বাড়ির সামনের রাস্তার ওপর তার লাশ দেখতে পায় এলাকাবাসী। নিহত কিশোরী ব্রাহ্মণবাড়িয়ার আজিমুল হক আজিমের মেয়ে বলে জানা গেছে। পুলিশ এলাকাবাসী ও নানির সূত্রে জানা গেছে, উপজেলার খোন্তাকাটা গ্রামের বাসিন্দা পালিত নানি হালিমা বেগমের সঙ্গে বসবাস করে রিয়া। তার নানি জানায়, গত সোমবার বিকাল সাড়ে পাঁচটার দিকে নানির কাছ থেকে রায়েন্দা বাজারে যাই এই বলে বের হয়ে আসে রিয়া তারপর থেকে নিখোঁজ হয়। তার নানি রাতে খোঁজাখুঁজি করে না পেয়ে সকালে শুনতে পায় এ কে এম ইউসুফ সাহেবের বাড়ি সংলগ্ন কবরস্থানের কাছে মূল রাস্তায় এক কিশোরী মৃতদেহ পড়ে রয়েছে।
পরে তিনি এসে শনাক্ত করে ওই কিশোরী তার নাতি। তার বাবার নাম আজিম শেখ, মায়ের নাম হনুফা বেগম। তারা দু’জনই দীর্ঘদিন ধরে চট্টগ্রামে বসবাস করে। এলাকাবাসী জানায়, গত ছয় মাস ধরে সে লেখাপড়া ছেড়ে এলাকার মাদকসেবীদের সঙ্গে সখ্যতা গড়ে তোলে এবং অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়। এ বিষয়ে খোন্তাকাটা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ডাক্তার হুমায়ুন কবির বলেন, ওই কিশোরী দীর্ঘদিন ধরে মাদকসেবীদের সঙ্গে অশালীনভাবে দিনে ও রাতে ঘোরাফেরা করে আসছে। ইদানিং সে আরও বেপরোয়া হয়ে উঠেছিল। একই অভিযোগ ওই এলাকার অনেকেরই। শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. সামিনুল হক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর হত্যাকাণ্ডের আসল রহস্য বেরিয়ে আসবে। এ ঘটনায় পুলিশের একটি টিম তদন্ত অব্যাহত রেখেছে।
