টানা ৭ দিনের ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

টানা ৭ দিনের ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

ফন্ট সাইজ:

টানা সাতদিন ঈদের ছুটি শেষে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আবারো শুরু হয়েছে আমদানি-রপ্তানি। মঙ্গলবার সকাল থেকে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়। ফলে বন্দরে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। এর আগে গত মঙ্গলবার থেকে সোমবার পর্যন্ত টানা সাতদিন ঈদের ছুটিতে বন্দর বন্ধ ছিল। সকাল থেকে বন্দরে পণ্য লোড-আনলোডের জন্য তিন হাজার শ্রমিক কাজে যোগদান করেছে।

বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মহসিন মিলন জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হওয়ায় বন্দরে আবারো কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। ব্যবসায়ী, সিএন্ডএফ এজেন্ট, বন্দর ও কাস্টমসের কর্মকর্তা-কর্মচারী এবং শ্রমিকরা পণ্য খালাসে ব্যস্ত সময় পার করছেন। লম্বা ছুটির কারণে সীমান্তের দু-পাশে সৃষ্টি হয়েছে পণ্যজট। সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম ও পণ্য খালাস শুরু হওয়ায় কমতে শুরু করবে পণ্যজট। বন্দরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টা থেকে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। দুপুর ১২টা পর্যন্ত ভারত থেকে ৫৮ ট্রাক পণ্য আমদানি এবং ২৪ ট্রাক পণ্য ভারতে রপ্তানি হয়েছে। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি সাখাওয়াত হোসেন জানান, আমদানি-রপ্তানি টানা সাতদিন বন্ধ থাকলেও দু’দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত অন্যদিনের মতোই স্বাভাবিক ছিল। বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, মঙ্গলবার ছুটি শেষে আবারো দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। বন্দরের কর্মকর্তা-কর্মচারী যারা ছুটিতে গিয়েছিলেন সবাই কর্মস্থলে যোগদান করেছে। ব্যবসায়ীরা যাতে বন্দর থেকে আমদানি পণ্য দ্রুত খালাস নিতে পারেন সেজন্য সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন