খুলনায় কুলসুম আক্তার সাথী (২৮) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সদর থানাধীন জাহিদুর রহমান সড়কের শামীমা নাসরিনের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। সে খুলনার লবণচরা থানাধীন টেক্সটাইল কলেজের ছাত্রী ও বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার গোয়াবাড়ি এলাকার বাসিন্দা কামরুল ইসলাম তালুকদারের মেয়ে।
স্থানীয়রা জানায়, সাথী ওই বাড়ির দ্বিতীয় তলার মেসে বসবাস করতো। পড়াশুনার পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিল। মঙ্গলবার সকালে চিৎকার শুনে স্থানীয়রা ওই বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষের দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। পরবর্তীতে বিষয়টি থানায় জানানো হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। খুলনা থানার ওসি মো. কবির হোসেন জানান, এটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
