প্রস্তুতির আগেই চোটের মিছিল ব্রাজিল-আর্জেন্টিনা দলে

প্রস্তুতির আগেই চোটের মিছিল ব্রাজিল-আর্জেন্টিনা দলে

ফন্ট সাইজ:

আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আন্তর্জাতিক বিরতিতে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে মাঠের লড়াই শুরু হওয়ার আগেই দুঃসংবাদ পেলো দুদলই। চোটের কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন দুদলেরই গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন ফুটবলার।

বর্তমান চ্যাম্পিয়নদের শিবিরে বড় ধাক্কা হয়ে এসেছে রক্ষণভাগের গঞ্জালো মন্তিয়েল ও লিওনার্দো বালের্দির চোট। রিভার প্লেটের হয়ে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান রাইটব্যাক মন্তিয়েল। তার জায়গায় কোচ লিওনেল স্কালোনির ভরসা এখন শুধু নাহুয়েল মলিনা। অন্যদিকে, অলিম্পিক মার্শেইর সেন্টারব্যাক বালের্দির পরিবর্তে দীর্ঘদিন পর জাতীয় দলে ডাক পেয়েছেন লুকাস মার্তিনেজ কুয়ার্তা। উল্লেখ্য, ফিনালিসিমা বাতিল হওয়ার পর আর্জেন্টিনা শেষ মুহূর্তে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচের আয়োজন করেছে। বুয়েনস এইরেসের লা বোমবোনেরা স্টেডিয়ামে আগামী ২৮শে মার্চ মৌরিতানিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে নামবে আর্জেন্টাইনরা। জাম্বিয়ার বিপক্ষে পরবর্তী ম্যাচ ১লা এপ্রিল।

অন্যদিকে, ব্রাজিলের ডেরায় চোটের তালিকাও দীর্ঘ। গোলকিপার আলিসন বেকার ও লেফটব্যাক অ্যালেক্স সান্দ্রোর পর এবার ছিটকে গেছেন আর্সেনাল ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালায়েস। রোববার কারাবাও কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পান তিনি। কোচ কার্লো আনচেলোত্তি মাগালায়েসের বিকল্প হিসেবে কাউকে দলে ডাকেননি। তবে সান্দ্রোর পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন ক্রুজেইরো লেফটব্যাক কাইকিকে। আন্তর্জাতিক বিরতিতে দুটি হাই-ভোল্টেজ ম্যাচে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে সেলেসাওরা। আগামী ২৬শে মার্চ ম্যাসাচুসেটসে ফরাসিদের সঙ্গে প্রথম ম্যাচের পর ১লা এপ্রিল ফ্লোরিডায় ক্রোয়াটদের বিপক্ষে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন