পশ্চিমবঙ্গে ওয়াইসির দল জোট করেছে হুমায়ূন কবীরের সঙ্গে

রাজনৈতিক সমীকরণে নয়া মোড়

পশ্চিমবঙ্গে ওয়াইসির দল জোট করেছে হুমায়ূন কবীরের সঙ্গে

ফন্ট সাইজ:

পশ্চিমবঙ্গের নির্বাচনে নতুন রাজনৈতিক সমীকরণের নজির তৈরি হয়েছে। মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ূন কবীর দল থেকে বহিষ্কৃত হওয়ার পর আম জনতা উন্নয়ন পার্টি তৈরি করে নির্বাচনের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। রাজ্যের ৩০ শতাংশ মুসলিম ভোটের দিকে নজর রেখে নির্বাচনে মুসলিম অধ্যুষিত কেন্দ্রগুলিকে টার্গেট করে প্রার্থী দেয়ার কথা ঘোষণা করেছেন। সেইসঙ্গে হায়দরাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন হুমায়ূন কবীরের আম জনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট তৈরি করে পশ্চিমবঙ্গের নির্বাচনে লড়াই করছে। ওয়াইসি রোববার এই জোটের কথা ঘোষণা করে বলেছেন, পশ্চিমবঙ্গে প্রায় ৩০ শতাংশ মুসলিম। রাজ্যটিতে যে ৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে তার অধিকাংশ মুসলিম। মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৪ বছরের শাসনে এই রকম আরও অন্যায় হয়েছে বলে অভিযোগ করেন ওয়াইসি।
হুমায়ূন কবীরের দল রোববার ১৫৪টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছেন। ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে দেওয়া চ্যালেঞ্জের সূত্র ধরে ভবানীপুর কেন্দ্রেও প্রার্থী দিয়েছেন।
বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের অনুরূপ মসজিদ নির্মাণের ঘোষণা দিয়ে প্রচারের আলোয় আসেন। লাখ লাখ মুসলিম হুমায়ূনের পাশে দাঁড়িয়েছেন। তবে ধর্ম নিয়ে মাত্রাতিরিক্ত মাতামাতির জন্য তৃণমূল কংগ্রেস তাকে বহিষ্কার করার পর যত রাগ গিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। বিজেপির পাশাপাশি মমতাকেও তিনি শিক্ষা দেবেন বলে আগেই ঘোষণা করেছেন।
আসলে পশ্চিমবঙ্গের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক হিসাব নির্ণায়ক ভূমিকা পালন করে মুসলিমরা। এক দশক আগেও বাম পন্থী দলগুলি এবং কংগ্রেস মুসলিম ভোটের অনেকটা পেয়ে এসেছে। কিন্তু গত নির্বাচনগুলিতে মুসলিমদের ভোটের প্রায় সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে চলে এসেছে। ফলে মমতার দলের জয় বার বার নিশ্চিত হয়েছে। সেই নিশ্চিত ভোট ব্যাংকে ফাটল ধরাতে মুসলিম ধর্মীয় আবেগ নিয়ে রাজনৈতিক খেলা শুরু হয়েছে। আয় এ ব্যাপারে অন্যতম ভূমিকা নিচ্ছেন হুমায়ূন কবীর। তার সঙ্গী হিসেবে পশ্চিমবঙ্গে প্রভাব বিস্তারের লক্ষ্যে ওয়াইসির দল নির্বাচনে নেমে পড়েছে। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী বিহারের ৫টি আসনে সর্বশেষ নির্বাচনে জয়ী হয়েছে ওয়াইসির দল। তারই প্রভাবে বিহারের সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের জেলাগুলিতে মুসলিম ভোট কেটে অনেকেরই যাত্রাভঙ্গ করতে তৈরি হচ্ছে ওয়াইসি। অবশ্য ওয়াইসির বিরুদ্ধে অভিযোগ বিজেপির জয়লাভে বহু জায়গাতেই তার ভূমিকা রয়েছে।
এদিকে , হুমায়ুন কবির নিজে দুটি আসন রেজিনগর ও নওদা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি জানিয়েছেন, মুর্শিদাবাদ ও মালদার কান্দি, রেজিনাগর, বেলডাঙ্গা, মালতিপুর, মানিকচক সহ একাধিক আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বিশেষ করে তৃণমূল কংগ্রেস নেতা ও মন্ত্রী ফিরহাদ হাকিমের সাবেক জামাই ইয়াসির হায়দারকে মুর্শিদাবাদের কান্দি থেকে টিকিট দেওয়ায় তৃণমূল্ কংগ্রেসের অন্দরেও প্রবল অস্বস্তি তৈরি হয়েছে।
এবার দেখার বিষয় এই নতুন সমীকরণে রাজ্যের ভোট রাজনীতি কোন দিকে মোড় নেয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন