লা লিগার শিরোপার দৌড়ে চূড়ার জায়গাটা আরও পোক্ত করলো বার্সেলোনা। আজ রাতে ক্যাম্প ন্যুতে রায়ো ভায়েকানোর বিপক্ষে ১-০ গোলের ঘামঝরানো জয় তুলে নেয় কাতালানরা। ফলে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে ৭ পয়েন্টের ব্যবধান বাড়ালো হান্সি ফ্লিকের শিষ্যরা। ম্যাচের ভাগ্য নির্ধারণে একমাত্র গোলটি করেন রোনালড আরাউহো। অন্যদিকে যেন দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন তার সতীর্থ গোলকিপার হোয়ান গার্সিয়া!
শুরু থেকেই আক্রমণ-প্রতি আক্রমণে উত্তাপ ছড়ায় দুদল। ২৪তম মিনিটে ডেডলক ভাঙেন বার্সার উরুগুইয়ান ডিফেন্ডার রোনালড আরাউহো। জোয়াও ক্যানসেলোর নিখুঁত কর্নার থেকে দর্শনীয় হেডে বল জালে জড়ান তিনি। ১-০ গোলে জয়ের অন্যতম কৃতিত্ব দাবি করতে পারেন গোলকিপার হোয়ান গার্সিয়াও। স্প্যানিশ জাতীয় দলে সদ্য ডাক পাওয়া গার্সিয়া আজ ছিলেন অপ্রতিরোধ্য। রায়ো ভায়েকানোর উনাই লোপেজ ও হোর্হে ডি ফ্রুতোসের একের পর এক বুলেট গতির শট রুখে দিয়ে দলকে পূর্ণ ৩ পয়েন্ট এনে দেন তিনি। তার হাতেই ওঠে ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কার।
এই জয়ের পর ২৯ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৭৩। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ৬৬ পয়েন্ট নিয়ে দুইয়ে। আজ রাতেই অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ডার্বিতে নামবে অল হোয়াইটরা। শিরোপার দৌড়ে টিকে থাকতে কঠিন ম্যাচটিতে জয়ের বিকল্প নেই আলভারো আরবেলোয়ার শিষ্যদের।
