সেনা মোতায়েনের পরিকল্পনা নেই

সেনা মোতায়েনের পরিকল্পনা নেই

ফন্ট সাইজ:

‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের কথিত লকডাউনকে কেন্দ্র করে দেশে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে দাবি করে তিনি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। রোববার দুপুরে সচিবালয়ে অর্থবিভাগের সম্মেলনকক্ষে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার প্রসঙ্গে মন্ত্রী বলেছেন, এটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত কার্যক্রমের অংশ। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বাহিনীগুলো সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর টোলপ্লাজায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থকদের সঙ্গে বিএনপি’র নেতাকর্মীদের সংঘর্ষ নিয়ে মন্ত্রী বলেন, জাজিরা এলাকায় স্থানীয়দের (পদ্মা সেতুর এদিক-ওদিক থেকে গিয়ে) মধ্যকার অন্তঃকলহ বা অন্তর্দ্বন্দ্বের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে, যাতে দু’জনের প্রাণহানি ঘটেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তবে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং বর্তমানে ওই এলাকার পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে।

আগামী ডিসেম্বরের মধ্যেই কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) অধীনে প্রণীত ‘ট্যুরিজম মাস্টারপ্ল্যান’ চূড়ান্ত করে জমা দেয়া হবে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী বলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের কারিগরি সহায়তায় এই ট্যুরিজম মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ এগিয়ে চলছে। ওই সভায় সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, কক্সবাজারের সংসদ সদস্য, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।