সিলেটের এমপি এমএ মালিকের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় উত্তাপ দক্ষিণ সুরমায়। ঘটনার প্রতিবাদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি হাবিবুর রহমান হাবিবের বাড়িতে আগুন দেয়া হয়েছে। এতে ক্ষুব্ধ হয়েছে এলাকার মানুষ। তারা সংঘবদ্ধ হয়ে হামলা চালিয়ে অন্তত ১২টি মোটরসাইকেল ভাঙচুর করেছে। এদিকে নিজ বাড়িতে আগুন দেয়া, হামলা ও মোটরসাইকেলে আগুন দেয়ার ঘটনায় পলাতক থাকা সাবেক এমপি হাবিবুর রহমানকে দায়ী করেছেন বর্তমান বিএনপিদলীয় এমপি এমএ মালিক। গতকাল তার তেতলীস্থ বাড়িতে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
সিলেট-৩ আসনের সাবেক এমপি হাবিবুর রহমান হাবিব লন্ডন আওয়ামী লীগের নেতা। তিনি দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করছেন। ওখান থেকে এসে প্রথমে উপনির্বাচনে নৌকার টিকিট নিয়ে এমপি নির্বাচিত হন। ২০২৪ সালের নির্বাচনে তিনি ফের এমপি হন। তখন বিএনপি’র হয়ে লন্ডনে আন্দোলনে উত্তাপ ছড়াচ্ছিলেন তৎকালীন যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এমএ মালিক। হাবিব ও মালিকের বাড়ি একই এলাকায়। দক্ষিণ সুরমায়, পাশাপাশি ইউনিয়নে। আওয়ামী লীগ জমানায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ করে একটি বক্তব্য দেয়াকে কেন্দ্র করে এমএ মালিকের তেতলীস্থ বাড়িতে কয়েক দফা ভাঙচুর ও আগুন দেয়া হয়েছিল। এই আগুন দেয়ার জন্য তখন লন্ডনে বসে এমপি হাবিবকে দায়ী করেছিলেন এমএ মালিক। অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ছেড়ে লন্ডনে পালান এমপি হাবিবুর রহমান। আর তখন দেশে ফিরেন এমএ মালিক। গত নির্বাচনে বিএনপি’র টিকিট নিয়ে তিনি এমপি হন। এরপর থেকে নীরব থেকেই এমপি’র দায়িত্ব পালন করে যাচ্ছেন এমএম মালিক। এবারের ঘটনার সূত্রপাত শনিবার ভোররাতে।
পিকআপে এসে দুর্বৃত্তরা এমপি এমএ মালিকের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ে। এতে এমপি’র বাড়িতে আগুন ধরে যায়। পরে দ্রুতই সেই আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার সময় ঘরে ঘুমিয়ে ছিলেন এমএ মালিক। পেট্রোল বোমা নিক্ষেপের দু’দিন আগে এমএ মালিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বক্তব্য রাখেন। আর ওই বক্তব্যের পর তার ওপর অ্যাটাক করা হয়েছে। এই পেট্রোল বোমাকে সহজ ভাবে নিতে পারছে না বিএনপি’র কর্মীরা। কামালবাজার এলাকার স্থানীয় লোকজন জানিয়েছেন-এমপি মালিকের বাড়িতে পেট্রোল ছুড়ে আগুন দেয়ার ঘটনায় শনিবার সন্ধ্যায় দক্ষিণ সুরমার কামাল বাজার এলাকায় বিক্ষোভ করে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এতে সিলেট নগরের সুবিদবাজার ও শিবগঞ্জ এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী যোগ দেন। কর্মসূচির শেষ পর্যায়ে সন্ধ্যার দিকে ৫০ থেকে ৬০টি মোটরসাইকেল নিয়ে যুবকরা ধরপুরস্থ সাবেক এমপি হাবিবুর রহমান হাবিবের বাড়িতে হামলা চালায়। প্রথমে তারা বাড়িতে ব্যাপক ভাঙচুর করে। এক পর্যায়ে আসবাবপত্র বাইরে বের করে নিয়ে আগুন দেয়। এ দৃশ্য দেখে মসজিদের মাইকে ডাকাত এসেছে বলে ঘোষণা দিলে স্থানীয় লোকজন পাল্টা হামলা করে। এ হামলায় ওই যুবকরা পালিয়ে গেলেও অন্তত ১২টি মোটরসাইকেল ফেলে যায়। পরে স্থানীয় লোকজন ওই মোটরসাইকেলে আগুন দেয়।
খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এদিকে রাতে আরেক দফা উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। তবে প্রশাসনের কড়াকড়ির কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এদিকে, বাড়িতে আগুন, ভাঙচুরের ঘটনা লন্ডনে অবস্থান করা সাবেক এমপি হাবিবুর রহমান চুপ রয়েছেন। এ ব্যাপারে তিনি কোনো বক্তব্য প্রদান করেননি। তবে সার্বিক বিষয় নিয়ে গতকাল শনিবার তেতলীস্থ নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেছেন এমপি এমএ মালিক। এতে তিনি অভিযোগ করেছেন- সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিবের বাড়িতে নিজেরাই আগুন দিয়ে বিএনপিকে দোষারোপ করা হচ্ছে। শনিবারের ঘটনার বর্ণনা দিয়ে এমএ মালিক বলেন, বিএনপি’র প্রতিটি ইউনিটকে শান্তিপূর্ণ মিছিল ও দোয়া মাহফিলের নির্দেশনা দেয়া হয়েছিল।
মোল্লারগাঁও ও কামালবাজার ইউনিয়ন বিএনপি মিছিল বের করে। তবে কামালবাজারে নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের নির্দেশে মিছিলে গুলি ও মোটরসাইকেলে আগুন দেয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এমএ মালিক বলেন, মসজিদকে ব্যবহার করে অগ্নিসন্ত্রাস করা হয়েছে। আওয়ামী লীগের একজন সমর্থক তাকে জানিয়েছেন, হাবিবের বাড়িতে তার অনুসারীরা নিজেরাই আগুন দিয়ে বিএনপিকে দোষারোপ করছেন। তিনি অভিযোগ করেন, হাবিবুর রহমান হাবিবের নির্দেশে বিএনপি’র শান্তিপূর্ণ মিছিলে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরে তার বাড়িতে আগুন দিয়ে বিএনপি’র ওপর দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে।
