রাজধানীর পৃথক স্থানে বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া মোহাম্মদপুর ও মগবাজার, কুর্মিটোলা এবং উত্তরাসহ একাধিক এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এদিকে মোহাম্মদপুর এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে এসব ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার রাত ১১টার দিকে ভাষানটেক থানার টিনশেড এলাকায় রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভাষানটেক থানার ডিউটি অফিসার মেহেদী হাসান জানান, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এরপর রাত সাড়ে ১১টার দিকে পল্টনের দৈনিক বাংলা মোড়ে আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পল্টন থানার ডিউটি অফিসার মনসুর জানান, বাসে আগুনের ঘটনায় কেউ হতাহত হননি। তবে কারা এবং কীভাবে বাসটিতে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। এরও আগে শনিবার সন্ধ্যায় মিরপুর-১০ গোলচত্বর থেকে মিরপুর-১ এর দিকে যাওয়ার পথে ফায়ার সার্ভিস কার্যালয়ের বিপরীত পাশে ইতিহাস পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত ৭টা ৩৮ মিনিটে খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের সদস্যরা আগুন নির্বাপণ করেন।
শনিবার অগ্নিসংযোগের ঘটনা ছাড়াও রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। রাত ১০টার দিকে মগবাজার ওয়্যারলেস এলাকার তাজ হোটেলের সামনে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় বলে নিশ্চিত করেছেন রমনা থানার ডিউটি অফিসার। এর কিছুক্ষণ পর রাত ১০টা ২০ মিনিটের দিকে মোহাম্মদপুরের বসিলা রোডে যাত্রী ছাউনির সামনে দু’টি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ক্যান্টনমেন্ট থানা সূত্র জানায়, শনিবার রাত ৮টা ৫ মিনিটের দিকে কুর্মিটোলা বাসস্ট্যান্ডের সামনের পাকা রাস্তার ওপর দুর্বৃত্তরা একটি ককটেলসাদৃশ্য বস্তুর বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে ক্যান্টনমেন্ট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। একইদিন হ্নরাত সাড়ে আটটায় উত্তরার নর্থ টাওয়ারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, রাত সাড়ে আটটার দিকে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে এতে কেউ হতাহত হয়নি। স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ ককটেল বিস্ফোরণ হলে আশপাশের বাসিন্দা ও পথচারীরা আতঙ্কে এদিক সেদিক ছুটাছুটি শুরু করে। তবে কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা জানা যায়নি।
