অনিয়মে প্রার্থিতা বাতিলের হুঁশিয়ারি

ইউপি নির্বাচন ঘিরে ইসি’র কঠোর বার্তা

অনিয়মে প্রার্থিতা বাতিলের হুঁশিয়ারি

ফন্ট সাইজ:

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে নির্বাচনে কালোটাকা ও পেশিশক্তির ব্যবহার বন্ধ, প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ তৈরির দাবি জানিয়েছেন রাজনৈতিক দলের নেতারা। 
সংলাপে ইসি কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেছে, প্রার্থী কিংবা তার সমর্থক- যেই আচরণবিধি লঙ্ঘন করুক, কাউকেই ছাড় দেয়া হবে না। গুরুতর অনিয়মের প্রমাণ মিললে প্রার্থিতা বাতিল, ফলাফল স্থগিত এমনকি নির্বাচন বাতিলের মতো কঠোর সিদ্ধান্তও নিতে পারে কমিশন।

গতকাল রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের প্রথম দিনে এসব দাবি ও আশ্বাস উঠে আসে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে সংলাপে অন্য চার নির্বাচন কমিশনার, ইসি’র সিনিয়র সচিব আখতার আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংলাপে অংশ নিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, নির্বাচনে প্রার্থীদের জামানতের পরিমাণ অনেক বেশি। এমনকি জামানত এক হাজার টাকা হলেও তেমন কোনো ক্ষতি হতো না। বিষয়টি নির্বাচন কমিশনের বিবেচনা করা উচিত। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনের মেরুদণ্ড আরও শক্ত হওয়া প্রয়োজন।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কাজী সাজ্জাদ চৌধুরী চন্দন বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করার মধ্যদিয়ে তৃণমূলে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব। তবে সরকারি প্রভাবমুক্ত না হলে সুষ্ঠু নির্বাচন করা কঠিন।
জাতীয় পার্টি-জেপি’র যুগ্ম মহাসচিব এডভোকেট মো. রুবেল হাওলাদার বলেন, ভোটের দিন পোলিং এজেন্টদের শেষ পর্যন্ত কেন্দ্রে থাকার সুযোগ দিতে হবে।

গণতন্ত্রী পার্টির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক শহিদুল্লাহ শিকদার বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে কালোটাকার প্রভাবমুক্ত ও নিরপেক্ষ করতে হবে। দরিদ্র মানুষও যাতে নির্বাচিত হওয়ার সুযোগ পান, সেই পরিবেশ তৈরি করতে হবে। প্রশাসনকে দল নিরপেক্ষভাবে দায়িত্ব পালন এবং সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব ফয়জুর রহমান মৃধা বলেন, গুজব ও এআইয়ের অপব্যবহার ঠেকাতে মনিটরিং সেল গঠন, ভোটকেন্দ্র থেকে দ্রুত ফলাফল প্রকাশ এবং নিরপেক্ষ নির্বাচনী কর্মকর্তা নিয়োগের দাবি জানান তিনি।
মুসলিম লীগের সভাপতি জুবাইদা কাদের চৌধুরী বলেন, নির্বাচনে অংশ নিতে গেলেই নারীদের নানা সীমাবদ্ধতার কথা বলা হয়। উপযুক্ত নারী প্রার্থী দেশের প্রতিটি থানা ও গ্রামে রয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

সংলাপের শুরুতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, সবাই যাতে ফাউল করার নিয়তে মাঠে না নামেন এবং কেউ ফাউল করতে চাইলে আপনারা আমাদের পাশে থাকবেন। এ ক্ষেত্রে সবার সহযোগিতা দরকার। আমরা সুষ্ঠু ভোট চাই- এটা আমাদের প্রতিশ্রুতি। আমাদের দ্বিতীয় কোনো এজেন্ডা নেই।
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে অপরাধে সহযোগীরাও সমান অপরাধী হিসেবে বিবেচিত হবেন। কোনো প্রার্থী নিজের সমর্থকদের দিয়ে নির্বাচনী সুবিধা নিতে গিয়ে আচরণবিধি লঙ্ঘন করালে কমিশন বিলম্ব না করে ব্যবস্থা নেবে।

রাজনৈতিক দলগুলোর জামানত কমানোর দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, জামানতের পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত কোনো রাজনৈতিক দল বা সরকারের পক্ষ থেকে আসেনি। কমিশন নিজেই যুক্তি ও উদ্দেশ্য বিবেচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে বলেন, তাদের বক্তব্যের গুরুত্ব অনেক বেশি। কারণ অনুসারীরা তাদের কথা অনুসরণ করেন। কেন্দ্রীয়ভাবে নেতারা যদি ঘোষণা দেন যে সহিংস নির্বাচনের পথে আর হাঁটবেন না এবং ভোটের মাধ্যমেই জয়ী হতে হবে, তাহলে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জাতীয় নির্বাচনের মতো স্থানীয় নির্বাচনেও শতভাগ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের চেষ্টা থাকবে দৈব দুর্বিপাক না ঘটলে। বডি-ওর্ন ক্যামেরাও থাকবে। পাশাপাশি ড্রোন ও লাইভ মনিটরিংয়ের ব্যবস্থা করা হবে। জাতীয় নির্বাচনে ব্যবহৃত সুরক্ষা অ্যাপও কাজে লাগানো হবে বলে জানান তিনি।

অভিযোগ করার ক্ষেত্রে সুনির্দিষ্ট তথ্য দেয়ার আহ্বান জানিয়ে সানাউল্লাহ বলেন, কোথায় ঘটনা ঘটেছে, কারা জড়িত এবং কারা সাক্ষী- এসব তথ্য না দিয়ে শুধু বাড়ি বাড়ি টাকা বিতরণের অভিযোগ করলে ব্যবস্থা নেয়া কঠিন হয়। তাই অভিযোগের সঙ্গে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ দিতে হবে।
প্রথম দিনের সংলাপে আমন্ত্রণ পেলেও জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য আলাদা সময় চেয়েছে। এ জন্য ইসিতে চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি জানান, জোটের সব দল একসঙ্গে সংলাপে অংশ নিতে চায়।

প্রথম দিনের সংলাপে জাতীয় পার্টি-জেপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, জাকের পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণফোরামের প্রতিনিধিরা অংশ নেন। তবে সংলাপে অংশ নেয়নি জাতীয় পার্টি।