শাহজালালে উড়োজাহাজে ত্রুটি, উড্ডয়নের আগে নামানো হলো যাত্রীদের

শাহজালালে উড়োজাহাজে ত্রুটি, উড্ডয়নের আগে নামানো হলো যাত্রীদের

ফন্ট সাইজ:

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় যাত্রীদের দ্রুত নামিয়ে আনা হয়েছে। রোববার বিকাল সাড়ে ৪টা নাগাদ এ ঘটনা ঘটে। বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র রিয়াজ উদ্দিন জানান, এটি ছিল ইউএস-বাংলার জেদ্দাগামী একটি ফ্লাইট। ফ্লাইটটি টেক-অফের সময় পাইলট বুঝতে পারেন, কিছু একটা কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। পরে তিনি আর টেক অফ করেননি। এ সময় ঠিক আগুনের ঘটনা ঘটেনি, তবে ধোঁয়া উড়তে দেখা গেছে। পরে যাত্রীদের নামিয়ে দেয়া হয়েছে। কী ধরনের ত্রুটি দেখা দিয়েছে, সেটি প্রকৌশলীরা ভালো বলতে পারবেন। ইউএস-বাংলার জেদ্দাগামী ওই ফ্লাইটটি (বিএস-৩৬১) বিকাল ৪টা ২০ মিনিটে উড্ডয়নের সূচি ছিল।

এদিকে সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা এয়ারলাইন্স জানিয়েছে, রোববার বিকাল ৪টা ১০ মিনিটে বিএস-৩৬১ ফ্লাইটটি ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রার পূর্ব মুহূর্তে উড্ডয়ন বাতিল করা হয়। ইন্সট্রুমেন্ট ইনডিকেশন মিসম্যাচ হওয়ার কারণে ককপিটে যান্ত্রিক ত্রুটির নির্দেশনা আসার সঙ্গে সঙ্গে পাইলট ইন কমান্ড যাত্রা বাতিলের সিদ্ধান্ত নেন, যা এভিয়েশনে একটি স্বাভাবিক ঘটনা। শেষ মুহূর্তে উড্ডয়ন বাতিল করার কারণে রানওয়ে এবং চাকার অতিরিক্ত ঘর্ষণজনিত কারণে ধোঁয়ার সৃষ্টি হয়। এয়ারক্রাফটের ইঞ্জিন, চাকা, ল্যান্ডিং গেয়ার বা অন্য কোনো যন্ত্রাংশে আগুন লাগেনি। এয়ারক্রাফটটি সব প্রসিডিউর মেনে রানওয়ে থেকে পার্কিং এরিয়ায় নিয়ে এসে যাত্রীদের দ্রুত নামানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সব যাত্রী নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে অবস্থান করছেন। ইউএস-বাংলা এয়ারলাইন্সের আরেকটি এয়ারক্রাফট ওই ফ্লাইটের যাত্রীদের নিয়ে জেদ্দার উদ্দেশ্যে রওনা করবে।