মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক রিমান্ডে

মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক রিমান্ডে

ফন্ট সাইজ:

রাজধানীর বিমানবন্দর থানায় দায়েরকৃত সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলামের স্ত্রী সাবেক অতিরিক্ত সচিব শায়লা ফারজানার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ছাড়া তার দুই ভাই মো. রেজাউল আলম শাহীন ও বুলবুল মিয়ার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। গতকাল সন্ধ্যায় তাদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) গোলাম মর্তুজা ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলামের আদালত রিমান্ড মঞ্জুর করেন।

ডিবি জানায়, শনিবার রাত দেড়টার দিকে মিরপুর ডিওএইচএস শায়লা ফারজানা ও তার ভাই রেজাউল আলম শাহীনকে আটক করা হয়। এরপর রাত ২টার দিকে মিরপুর-১৫ নম্বরের বিজয় রাকিন সিটিতে অভিযান চালিয়ে বুলবুল মিয়াকে আটক করা হয়। দুপুরে বিমানবন্দর থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। এরপর আদালতে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। আদালত শায়লা ফারজানার ৫ দিনের রিমান্ড এবং তার দুই ভাইয়ের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানিকালে তাদেরকে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে এজলাসে তোলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের রিমান্ডে চাওয়ার কারণ উল্লেখ করেন। রাষ্ট্রপক্ষে শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। আসামিপক্ষের আইনজীবীরা তাদের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। পরে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।