অপ্রতিম হত্যা মামলার পরবর্তী শুনানি ১৪ই ডিসেম্বর

ফন্ট সাইজ:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের চার্জ শুনানি অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৪ই ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। রোববার দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ শুনানি অনুষ্ঠিত হয়।
অপ্রাপ্তবয়স্ক দুই আসামি গাজীপুর শিশু ও কিশোর সংশোধনাগারে থাকায় তারা এজলাসে উপস্থিত হতে পারেনি। তাদের বিরুদ্ধে ভার্চ্যুয়ালি চার্জ গঠন করা হয়। শুনানি শেষে অপ্রতিমের বাবা ও মামলার বাদী কে এম ফিরোজ শাহরিয়ার জানান, মামলার বিচারিক কার্যক্রমের অগ্রগতি নিয়ে তিনি সন্তুষ্ট। তিনি আশা করেন, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য যে কথা দিয়েছিলেন, সেই অনুযায়ী তিন মাসের মধ্যে বিচারিক কার্যক্রম শেষ হবে। সেভাবেই বিচার কার্যক্রম চলবে।

উল্লেখ্য, গত ১৮ই সেপ্টেম্বর বিকালে মায়ের আইফোন দিয়ে ছবি তুলতে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হয় অপ্রতিম। এরপর আর বাসায় ফেরেনি সে। ওই দিনই সদর দক্ষিণ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা। পরদিন ১৯শে সেপ্টেম্বর দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটসংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার বাবা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।

এরপর ২০শে অক্টোবর কুমিল্লার আদালতে অপ্রতিম হত্যা মামলার অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এতে গ্রেপ্তার সাইফুল ইসলাম ওরফে তুহিন, মোজাফ্ফর হোসেন ফাহাদ, কামরুল হাসান ও সিয়ামকে অভিযুক্ত করা হয়েছে।
পুলিশের তদন্ত অনুযায়ী, তুহিন, ফাহাদ ও কামরুল সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেয় এবং সিয়াম হত্যার পরিকল্পনায় যুক্ত ছিল বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। তবে অভিযোগপত্রে উত্থাপিত অভিযোগের চূড়ান্ত নিষ্পত্তি হবে আদালতের বিচারিক প্রক্রিয়ায়।