প্রি-পেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে রংপুর মহানগর নাগরিক কমিটি। সোমবার সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে। হরতাল সফল করতে নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়, লিফলেট বিতরণ, মাইকিং, পোস্টারিংসহ নানা ধরনের প্রচারণা কার্যক্রম চালানো হয়েছে। চার দফা কর্মসূচির মধ্যে রয়েছে, প্রি-পেইড মিটার বাতিল করে আগের পোস্ট-পেইড মিটার পুনঃস্থাপন, সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা নিশ্চিত করা, বিদ্যুৎ খাতের দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ ও বিদ্যুৎ খাতকে বেসরকারীকরণের তৎপরতা বন্ধ করা।
রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব এডভোকেট পলাশ কান্তি নাগ বলেন, পোস্ট-পেইড মিটারের তুলনায় গ্রাহকদের প্রি-পেইড মিটারে দ্বিগুণ-তিনগুণ বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। সেবামূলক প্রতিষ্ঠান সেবা প্রদানের আগে গ্রাহকদের কাছ থেকে অর্থ আদায় করাও বিদ্যুৎ আইনের পরিপন্থি। এ ছাড়া প্রি-পেইড মিটারে বিভিন্ন চার্জের নাম গ্রাহকদের পকেট কাটা হচ্ছে। এর ফলে জনগণের ভোগান্তি বেড়েছে। জনমতকে উপেক্ষা করে আওয়ামী লীগ সরকারের আমলে নেয়া লুটপাটের এ প্রকল্প বন্ধে আমরা দীর্ঘদিন ধরে মিছিল, সমাবেশ, স্মারকলিপি প্রদানসহ নানা প্রতিবাদ কর্মসূচি পালন করলেও কর্তৃপক্ষ আমলে নেয়নি। এরই প্রেক্ষিতে গত ১৯শে অক্টোবর সংবাদ সম্মেলন করে ৩০শে নভেম্বর অর্ধদিবস হরতালের ডাক দেয়া হয়েছে। এই হরতাল কোনো গোষ্ঠী, শ্রেণি কিংবা রাজনৈতিক দলের নয়, এটি রংপুর মহানগরবাসীর হরতার। হরতাল সমর্থনে প্রচারণা কার্যক্রমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে। আশা করছি হরতাল পালনের মাধ্যমে জনগণের ওপর চাপিয়ে দেয়া প্রি-পেইড মিটার স্থাপন বন্ধে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারবো।
