গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক-মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে এবং শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ থাকায় জনজীবনে চরম স্থবিরতা নেমে এসেছে। রোববার সকাল থেকেই অবরোধকারীরা ঢাকা-খুলনা মহাসড়ক, ঢাকা-বরিশাল মহাসড়ক এবং গোপালগঞ্জ-টেকেরহাট ও পিরোজপুর-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মুকসুদপুরের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে ব্যারিকেড সৃষ্টি করলে অন্যান্য জেলার সঙ্গে মুকসুদপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
মুকসুদপুরের ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর কলেজ মোড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে ক্রিকেট ও ফুটবল খেলছে। এ ছাড়াও সড়ক অবরোধ করে লগি-বৈঠার মিছিল হয়েছে। আগে থেকেই জেলার সঙ্গে মুকসুদপুরে ট্রেন চলাচল বন্ধ থাকায় এবং দূরপাল্লার যানবাহন না চলায় সাধারণ মানুষ ও কর্মজীবীরা চরম ভোগান্তিতে পড়েছেন। যদিও শহরের ভেতরের ছোট গলিগুলোতে দু-একটি রিকশা, ভ্যান ও মোটরসাইকেল চলতে দেখা গেছে। উদ্ভূত পরিস্থিতিতে সকাল থেকেই উপজেলা শহরের অধিকাংশ মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এবং শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে কর্তৃপক্ষ বিভিন্ন বিদ্যালয়ের চলমান বার্ষিক পরীক্ষা স্থগিতসহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে।
এদিকে যেকোনো ধরনের নাশকতা এড়াতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা জুড়ে ৫৮ প্লাটুন বিজিবি, ১৫ প্লাটুন আনসার এবং ২ হাজার ৩৫০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে, যারা জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা কারাগারসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে কঠোর নিরাপত্তা ও টহল জোরদার করেছে। তবে মুকসুদপুরে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো দেখা মিলেনি।
