কৃষি গবেষণার সুফল সরাসরি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেয়া, আধুনিক ও বিজ্ঞানভিত্তিক কৃষির প্রসার এবং গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে গাজীপুরের শ্রীপুরে ‘প্রযুক্তি গ্রাম’ এর উদ্বোধন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। জেলার শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বদনী ভাঙ্গা গ্রামে এ প্রযুক্তি গ্রামের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত ২০টির বেশি কৃষিপ্রযুক্তি এবং ৯৭টি উন্নত ফসলের জাত মাঠপর্যায়ে প্রয়োগ ও সম্প্রসারণের মাধ্যমে একটি আদর্শ কৃষিনির্ভর গ্রাম গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। উদ্যোগের আওতায় স্থানীয় কৃষক-কৃষাণি, খামারি ও উদ্যোক্তাদের কৃষিবিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হবে। পাশাপাশি এলাকার কৃষিসংক্রান্ত সমস্যা চিহ্নিত করে বিজ্ঞানসম্মত সমাধান, আধুনিক চাষাবাদ পদ্ধতির প্রসার এবং কৃষি উৎপাদনশীলতা বাড়াতে কাজ করবে বিশ্ববিদ্যালয়টি। এতে গবেষক ও কৃষকদের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগও তৈরি হবে।
গত শনিবার বিকালে বদনী ভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। বিশেষ অতিথি ছিলেনÑ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. ফারহানা ইয়াসমিন। উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. জি কে এম মোস্তাফিজুর রহমান বলেন, গবেষণাগারে উদ্ভাবিত প্রযুক্তি ও উন্নত ফসলের জাতের প্রকৃত সার্থকতা তখনই, যখন সেগুলো কৃষকের মাঠে পৌঁছাবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে। কৃষকের উৎপাদনশীলতা ও আয় বাড়ানোর পাশাপাশি স্থানীয় সমস্যার বিজ্ঞানসম্মত সমাধান নিশ্চিত করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।
প্রধান অতিথি অধ্যাপক ড. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, দেশের কৃষিকে আরও সমৃদ্ধ ও উৎপাদনশীল করতে আধুনিক, বিজ্ঞানসম্মত ও প্রযুক্তিনির্ভর কৃষিব্যবস্থার বিকল্প নেই। গাকৃবি’র উদ্ভাবিত প্রযুক্তিগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করে বদনী ভাঙ্গা থেকে এ উদ্যোগের সুফল পর্যায়ক্রমে সারা দেশে ছড়িয়ে দিতে হবে। এদিকে, প্রধানমন্ত্রীর ঘোষিত ২০২৬-২০৩০ মেয়াদে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়টি স্থানীয়দের মধ্যে ৮০০টি ফলদ ও ভেষজ গাছের চারা বিতরণ করেছে। অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান অতিথি ও উপাচার্য স্থানীয়দের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রত্যাশা, প্রযুক্তি গ্রামের মাধ্যমে কৃষি গবেষণা ও মাঠপর্যায়ের চাষাবাদের মধ্যে দূরত্ব কমবে। স্থানীয় কৃষকরা নতুন প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাবেন, বাড়বে উৎপাদনশীলতা ও আয়। এর মধ্যদিয়ে বদনী ভাঙ্গা হয়ে উঠতে পারে প্রযুক্তিনির্ভর কৃষির একটি মডেল গ্রাম।
