নড়াইলে লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নড়াইল-ঢাকা রুটসহ দূরপাল্লার সকল রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আহূত এ লকডাউনের কারণ চরম ভোগান্তিতে পড়েছেন ঢাকাগামী সাধারণ যাত্রীরা। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে অধিকাংশ পরিবহন কর্তৃপক্ষ রোববার ভোর ৫টা থেকে এ রুটে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এর আগে রোববার ও সোমবার সারা দেশে লকডাউন কর্মসূচি ঘোষণা দেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। কর্মসূচিকে ঘিরে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় পদ্মা সেতু হয়ে নড়াইল-ঢাকা রুটের সকল যাত্রীবাহী বাস সার্ভিসের টিকিট বিক্রি বন্ধ রয়েছে।
রোববার সকালে নড়াইল বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, অধিকাংশ বাস কাউন্টার বন্ধ। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মোড় ও হাতিবাগান মোড়ের বাস কাউন্টারগুলো বন্ধ রয়েছে। দূর-দূরান্ত থেকে আসা যাত্রীরা বাস না পেয়ে টার্মিনালে অপেক্ষা করছেন। অনেকে জরুরি কাজে ঢাকায় যেতে না পেরে ফিরে যাচ্ছেন। ঢাকাগামী যাত্রী কলেজ শিক্ষক তপতি রানী সরকার বলেন, সকালে তিনি জানতে পারেন বাস চলবে না। জরুরি কাজ থাকা সত্ত্বেও তিনি বাড়ি ফিরে যেতে বাধ্য হন। চিকিৎসার জন্য ঢাকায় যেতে আসা যাত্রী প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, ডাক্তার দেখানোর জন্য ঢাকা যাওয়ার নির্ধারিত তারিখ ছিল আজ। বাস না চলায় যেতে পারছেন না। নড়াইল শহরের বাস ব্যবসায়ী আব্দার মামুন বলেন, বাস বন্ধ থাকায় ব্যবসাতে প্রভাব পড়ছে। ঢাকা থেকে মালপত্র আসা বন্ধ। লোকজন যাতায়াত করতে পারছে না। সবমিলে একটা স্থবির অবস্থা।
নড়াইল শহরেরর কুড়িগ্রাম এলাকার বাসিন্দা আবু তাহের বলেন, লকডাউন হোক বা না হোক, সাধারণ মানুষের ভোগান্তিই বাড়ে। কোন দল ক্ষমতায় গেল, আর না গেল এটা সাধারণ মানুষ বোঝে না। সাধারণ মানুষ চায় শান্তিতে থাকতে। এভাবে হুটহাট করে গাড়ি বন্ধ করে দিলে মানুষের ভোগান্তির সীমা থাকে না। বাসচালক শাহিন বলেন, গাড়ি বের করলে ক্ষতির ভয় থাকে। মালিকরা নিষেধ করায় আমরা গাড়ি বের করিনি। বাস বন্ধ থাকলে আমাদের আয় বন্ধ থাকে।
নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মোড়ের বাস টিকিট কাউন্টার মাস্টার মাসুদ বলেন, সকাল থেকে কোনো টিকিট বিক্রি হয়নি। যাত্রীরা এসে ফিরে যাচ্ছেন। কবে থেকে আবার বাস চলবেÑ সেটাও বলতে পারছি না। নড়াইল বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলী হাসান জানান, যাত্রীদের নিরাপত্তা এবং পরিবহন ও জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কায় নড়াইল হয়ে ঢাকা বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার বাস চলাচল শুরু হবে। এদিকে অনুসন্ধানে জানা গেছে, আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যার পর কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়ায় দলটির স্থানীয় নেতাকর্মীরা বিক্ষোভ ও মশাল মিছিল করেন। মিছিল থেকে লকডাউন সফল করার আহ্বান জানানো হয়। রোববার সকালেও সেখানে সড়ক অবরোধ ও মিছিলের খবর পাওয়া গেছে। অপরদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নড়াইলের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা দেখা গেছে।
