সুন্দরবন থেকে বাঘ আসতে পারবে হাসিনা বা তার দোসররা নয়: মনিরুজ্জামান

ফন্ট সাইজ:

সাতক্ষীরা জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান বলেছেন, সুন্দরবন থেকে বাঘ লোকালয়ে আসতে পারলেও সীমান্ত দিয়ে শেখ হাসিনা কিংবা তার কোনো দোসরকে শ্যামনগরের মাটিতে প্রবেশ করতে দেয়া হবে না। তিনি বলেন, ‘সুন্দরবনের কোল ঘেঁষে আমাদের এই শ্যামনগর উপজেলা। সুন্দরবন থেকে বাঘ লোকালয়ে আসতে পারবে, কিন্তু সীমান্ত দিয়ে হাসিনা তো দূরের কথা, তার কোনো দোসরকে আমরা এই মাটিতে প্রবেশ করতে দেবো না।’ রোববার শ্যামনগর উপজেলা বিএনপি’র এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ড. মনিরুজ্জামান বলেন, শেখ হাসিনার শাসনামলে দীর্ঘ ১৭ বছর বিএনপি’র নেতাকর্মীদের ওপর জুলুম, অত্যাচার ও নির্যাতন চালানো হয়েছে। চৌধুরী আলম ও ইলিয়াস আলীর মতো নেতাদের গুম করা হয়েছে। সারা দেশে অসংখ্য মামলা দিয়ে বিএনপি’র নেতাকর্মীদের হয়রানি ও নির্যাতন করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলনের শেষ পর্যায়ে শেখ হাসিনার পতনের আগে কয়েক দিনে ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন। নিহতদের পরিবারের সদস্যদের কষ্ট এখনো শেষ হয়নি। শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি’র নেতাকর্মীরা গত নয় মাস ধরে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে চলেছেন দাবি করে ড. মনিরুজ্জামান বলেন, শ্যামনগরে আগের মতো বিরোধী মতের নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন, মিথ্যা মামলা ও হয়রানির ঘটনা ঘটেনি। তারা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার চেষ্টা করছেন এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা বিএনপি’র আহ্বায়ক সোলায়মান কবির। উপজেলা বিএনপি’র সদস্যসচিব আশেক ইলাহী মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবু সাইদ, মাসুদুল আলম, সাবেক সাধারণ সম্পাদক জি এম সাদেকুর রহমান, পৌর বিএনপি’র সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু এবং পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আমজাদুল ইসলাম আমজাদ। এ ছাড়া বক্তব্য দেন ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক নুরুজ্জামান, সাবেক চেয়ারম্যান ও যুগ্ম আহ্বায়ক জি এম লিয়াকত আলী, কৈখালী ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক আবুল খায়ের মল্লিক, গাজী শাহ আলম, আজিজুল হক, শহীদুজ্জামান শহীদ, সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল, কামরুজ্জামান, আজিজুর, আনোয়ার, মন্টু, দুলু, আঙ্গুর ও সিদ্দিকসহ স্থানীয় বিএনপি’র নেতারা।