পরীক্ষার হলে একই শ্রেণির শিক্ষার্থীদের পাশাপাশি না বসিয়ে ভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে বসানোর পরামর্শ দিয়েছেন তৃতীয় শ্রেণির ছাত্র মো. আবদুল্লাহর মা। এতে একজন শিক্ষার্থীর খাতা দেখে অন্যজনের লেখার সুযোগ কমবে এবং শিক্ষার্থীরা নিজের মেধা ও যোগ্যতায় পরীক্ষায় অংশ নিতে উৎসাহিত হবে। তার এমন ব্যতিক্রমী ও গঠনমূলক পরামর্শ উপস্থিত শিক্ষক, অভিভাবক ও অতিথিদের প্রশংসা কুড়িয়েছে। রোববার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের রাজাভুবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অভিভাবক সমাবেশে এ ঘটনা ঘটে। সমাবেশে শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে অভিভাবকদের কাছে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি নিয়ে পরামর্শ চাওয়া হলে হাত তুলে নিজের মতামত তুলে ধরেন আবদুল্লাহর মা।
তিনি পরামর্শ দেন, পরীক্ষার সময় একই শ্রেণির শিক্ষার্থীদের একই বেঞ্চে না বসিয়ে ভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের একসঙ্গে বসানোর ব্যবস্থা করা যেতে পারে। এতে একজনের খাতা দেখে অন্যজনের লেখার প্রবণতা কমবে এবং শিক্ষার্থীরা নিজেরাই উত্তর লেখার অভ্যাস গড়ে তুলবে। তার এ প্রস্তাবের পর উপস্থিত সবাই করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানান। সংশ্লিষ্টরাও পরামর্শটি গুরুত্বের সঙ্গে বিবেচনার কথা জানান। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার জাবের সিকদার ওই অভিভাবকের পরামর্শের প্রশংসা করেন। তিনি বলেন, বিষয়টি নিয়ে বিদ্যালয়ের শিক্ষকরা ইতিমধ্যে কাজ করছেন। অন্যান্য অভিভাবকরাও এভাবে গঠনমূলক পরামর্শ দিলে তা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনা এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় তিনি শিক্ষক ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
তিনি বলেন, সরকার ও শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর শিক্ষার্থীদের কল্যাণে কাজ করছে। আজকের শিশুরাই আগামী দিনের দেশের সম্পদ। তাই শিক্ষার মানোন্নয়ন ও শিশুদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জয়া দাসের সভাপতিত্বে এবং মাস্টার নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের অর্থসম্পাদক এম মোয়াজ্জেম হোসেন কায়সার। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য ওমর ফারুক সিকদার, মো. রুবেল সিকদার, শওকত সিকদার, মো. সেলিম, সাজ্জাদ হোসেন রাসেল, এসএমসি কমিটির সদস্য তানিয়া আক্তার, বাপ্পী নাথ, তানজিলা পিউলী ও আলমগীর সিকদার।
পরীক্ষায় নকল ঠেকাতে অভিভাবকের ব্যতিক্রমী পরামর্শ
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
৩০ নভেম্বর (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
