যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সাবু সভাপতি ও পান্নু সম্পাদক নির্বাচিত

ফন্ট সাইজ:

যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। এই নির্বাচনে জেলা বিএনপি সভাপতি ও পিপি এড. সৈয়দ সাবেরুল হক সাবু সভাপতি ও নুর আলম পান্নু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সভাপতি হিসেবে সৈয়দ সাবুর এটা টানা দ্বিতীয়বারের মতো বিজয় অর্জন করা। গতকাল বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে এই নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৬০২ জন ভোটারের মধ্যে ৫৮০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ শেষে শুরু হয় ভোট গণনা। প্রধান নির্বাচন কমিশনার মহাসিন আলী রাতে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সভাপতি পদে সৈয়দ সাবেরুল হক সাবু ৪৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত ইসমত হাসার পেয়েছেন ১৩১ ভোট। সহ-সভাপতি পদে সৈয়দ রুহুল কুদ্দুস কুচ ২৭৭ ভোট এবং মাহাবুবুর রহমান ২১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে নুর আলম পান্নু ৩২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে প্রতিদ্বন্দ্বী মোস্তফা হুমায়ুন কবির মোল্যা ১৩৯ ভোট ও ইমদাদুল হক ইমদাদ ১১৮ ভোট পেয়েছেন। যুগ্ম সম্পাদক পদে তাহমিদ আকাশ ২০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে কামরুন নাহার কথা ১৪৮, ওজিহুর রহমান ১৩৪ ভোট ও রিনা আক্তার মিলি ৫৭ ভোট পেয়েছেন। সহকারী সম্পাদক পদে গোলাম মোস্তফা সুমন ৩২২ ও সিরাজুল ইসলাম ২৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। গ্রন্থাগার সম্পাদক পদে কামরুল হাসান সোহেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হযেছেন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মুস্তাকিম মোস্তফা খান ২০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে শামীম আহমেদ পেয়েছেন ১৯০ ভোট। কার্যকরী সদস্য পদে শাম ইমরান ৩৯২ এবং সুদীপ্ত কুমার ২০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।