উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা। এক দিনের ব্যবধানে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি সেলসিয়াস। রোববার সকালে সেখানে তাপমাত্রা নেমে এসেছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে। তবে শীতের তীব্রতা বাড়লেও রোববার সকালে পঞ্চগড়ের আকাশে কুয়াশা দেখা যায়নি। আকাশ ছিল পরিষ্কার, মিলেছে সূর্যের দেখা। তবে উত্তরের হিমেল বাতাসে শীতের অনুভূতি ছিল বেশি। রোববার সকালে পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় এমন আবহাওয়া দেখা গেছে। কুয়াশা না থাকলেও ঠাণ্ডা বাতাসের কারণে সকালবেলা শীত অনুভূত হচ্ছে বেশি। জীবিকার তাগিদে এই ঠাণ্ডা উপেক্ষা করেই কাজে বের হচ্ছেন দিনমজুর, কৃষক ও শ্রমজীবী মানুষ।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৬ টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৯ শতাংশ। এর আগের দিন শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ওইদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত কয়েক দিন ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ওঠানামা করছে। গত মঙ্গলবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবার তা কমে দাঁড়ায় ১৩ দশমিক ৫ ডিগ্রিতে। বৃহস্পতিবার তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার তা বেড়ে দাঁড়ায় ১৪ দশমিক ৭ ডিগ্রিতে। শনিবার এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমে হয় ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। রোববার তা আরও ২ ডিগ্রি কমে নেমেছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে।
