জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৭ সালের ডেস্ক ক্যালেন্ডারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবির সঙ্গে অন্য ব্যক্তির পরিচয় সংবলিত ক্যাপশন ও ব্যানার ছাপানোর মতো আজগুবি কাণ্ড ঘটিয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহলে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পাঁচজন কর্মকর্তার বিরুদ্ধে নানা ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ছাপানো ক্যালেন্ডারের একটি পাতায় খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী এবং শেখ হাসিনার মা হিসেবে উল্লেখ করা হয়েছে। এমনকী তার ছবির নিচে লেখা হয়েছে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব’। বিষয়টি জানাজানি হওয়ার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন মহলে সমালোচনার সৃষ্টি হয়েছে। জানা গেছে, গত শনিবার ঢাকার মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত দেশের কলেজ অধ্যক্ষদের সম্মিলনে দেশের ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষ অংশ নেন। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সম্মিলনে অংশ নেয়া অধ্যক্ষদের অন্যান্য উপহারসামগ্রীর সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ২০২৭ সালের ডেস্ক ক্যালেন্ডারও দেয়া হয়। এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ বলেন, বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে। ইতিমধ্যে ওই ক্যালেন্ডার প্রত্যাহার করা হয়েছে। নতুন করে ডেস্ক ক্যালেন্ডার ছাপানো হবে। ক্যালেন্ডারটির ডিজাইন ধানমণ্ডি অফিস থেকে চূড়ান্ত করা হয়েছিল। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এসএম আমানুল্লাহ গণমাধ্যমকে জানান, ক্যালেন্ডারটি প্রত্যাহার এবং ঘটনার কারণ, দায়-দায়িত্ব ও প্রক্রিয়াগত ত্রুটি চিহ্নিত করতে তদন্ত কমিটি করা হয়েছে।
দায়িত্বে অমনোযোগিতা ও অবহেলার এ ঘটনার জন্য প্রাথমিকভাবে দায়ী সংশ্লিষ্ট ৫ কর্মকর্তাকে চিহ্নিত করে একজনকে সাময়িক বহিষ্কার ও ৪ জনের দপ্তর বদল করা হয়েছে। তাদের মধ্যে কমিউনিকেশন এক্সপার্ট গৌতম বড়ুয়ার চুক্তিভিত্তিক নিয়োগ প্রত্যাহার, জনসংযোগ বিভাগের উপ-রেজিস্ট্রার মো. রাশেদুল ইসলামকে সাময়িক বরখাস্ত ও কারণ দর্শানোর নোটিশ এবং জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ, উপ-পরিচালক আতিকুর রহমান হেলাল ও উপ-পরিচালক কামরুল হাসানকে রেজিস্ট্রার দপ্তরে বদলি করা হয়েছে।
