আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগে রংপুরে বিএনপি নেতাকে লাঞ্ছিত

আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগে রংপুরে বিএনপি নেতাকে লাঞ্ছিত

ফন্ট সাইজ:

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ উঠেছে বিএনপি’র শীর্ষ নেতা সামসুজ্জামান সামু’র বিরুদ্ধে। জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাচেষ্টা মামলার আসামির সভাপতিত্বে এক অনুষ্ঠানে প্রধান অতিথি’র আসনে সামসুজ্জামান সামুকে লাঞ্ছিত করেছে বিএনপি’র অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ক্ষোভে ফেটে পড়েছে নেতাকর্মীরা। উত্তেজনা বিরাজ করছে রংপুর জুড়ে। নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, জুলাই আন্দোলনের মামলার আসামিসহ আওয়ামী লীগ নেতাদের অনুষ্ঠানে প্রধান অতিথি হওয়ার মানে কী তা আমরাও জানি, আপনারাও জানেন। জানা যায়, শনিবার রংপুরে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের সম্মিলন অনুষ্ঠিত হয়।

ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পূজা উদ্‌যাপন পরিষদের রংপুর জেলা কমিটির সভাপতি জুলাই আন্দোলন মামলার অন্যতম আসামি রাম জীবন কুন্ডু। ওই অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতা এ্যাড. প্রশান্ত কুমার রায়সহ অন্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে ছিলেন, মহানগর বিএনপি’র আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু। বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, ডিসেম্বরে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার দেশে ফেরার চেষ্টা সফল করার লক্ষ্যে পূজা উদ্‌যাপন পরিষদের সম্মিলনের আয়োজন করা হয়। সম্মিলনে চারদিকে অস্থিরতা সৃষ্টিসহ বিএনপি’র কতিপয় লোভী স্বার্থান্বেষী নেতাদের সামনে রেখে আওয়ামী পুনর্বাসনের উদ্যোগ নেয়া হয়।

এ খবর পেয়ে বিএনপি সমর্থিত হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট ও ড্যাবের নেতা ডা. নিখিলেন্দ্র শংকর গুহ রায়ের নেতৃত্বে অনুষ্ঠানস্থলে উপস্থিত হয় বিএনপি ও অঙ্গসংগঠনের ত্যাগী নেতাকর্মীরা। এ সময় ব্যানার ছিঁড়ে ফেলাসহ দুই গ্রুপের মাঝে তুমুল বাকবিতণ্ডা, হাতাহাতি ও মারপিটের ঘটনা ঘটে। উত্তেজিত নেতাকর্মীরা সামসুজ্জামান সামু’র বিরুদ্ধে আওয়ামী পুনর্বাসনের অভিযোগ তুলে হেনস্তা করেন।

মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন বলেন, অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন ঘটিয়ে দুঃশাসন থেকে মুক্তি পেয়েছি। ত্যাগী ও শহীদদের রক্তের সঙ্গে যারা বেইমানি করবে তারা দলের যেই হোক, ছাড় দেয়া হবে না। মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন বলেন, সামসুজ্জামান সামু আওয়ামী লীগকে পুনর্বাসনের ম্যান্ডেট নিয়ে মাঠে নেমেছে। তাদের এই ষড়যন্ত্র প্রতিহত করাসহ কেন্দ্রীয় নেতাদের কাছে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি জানানো হবে। এ ব্যাপারে মহানগর বিএনপি’র আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামুকে দেড় ঘণ্টাব্যাপী একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।