সীতাকুণ্ডে ৩ লাখ টাকার জাল নোটসহ যুবক গ্রেপ্তার

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩ লাখ টাকার জাল নোটসহ ফরহাদুল ইসলাম ফজলু (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে এসআরবি-৭। তার দেয়া তথ্যের ভিত্তিতে রাঙ্গামাটির একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। গত শনিবার বিকাল ৪টার দিকে উপজেলার ভাটিয়ারী এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার সঙ্গে থাকা একটি সাদা শপিং ব্যাগ থেকে ৩ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
এসআরবি-৭ সূত্রে জানা যায়, জাল নোট বিক্রির উদ্দেশ্যে একটি চক্র ভাটিয়ারী বাজারে অবস্থান করছে-এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফজলু জানান, জাল টাকা তৈরির সরঞ্জাম রাঙ্গামাটি জেলার পুনাক সড়কের একটি ভাড়া বাসায় রাখা হয়েছে। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই বাসায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার ও জব্দ করা হয়। গ্রেপ্তার ফজলু কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার মো. গিয়াস উদ্দিন হায়দারের ছেলে। উদ্ধার করা জাল নোট ও জব্দ করা সরঞ্জাম সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।