রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গত ২২ দিনে ১২০টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ১০৭টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত ৭ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত এসব ঘটনা ঘটেছে। বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। এসব ঘটনায় ৫২টি মামলা দায়েরসহ ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামরুম মুনিরা এসব তথ্য জানিয়েছেন।
পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কয়েক দিন ধরে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ এবং গাছ কেটে সড়ক অবরোধের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করছে একটি ফ্যাসিবাদী গোষ্ঠী। এরই অংশ হিসাবে গত ৭ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত সারাদেশে ১২০টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ১০৭টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ছাড়া পুলিশের চারটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর, ২৮টি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর, তিনটি স্থাপনায় ককটেল বিস্ফোরণ এবং একটি গাড়ি ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ঘটনায় মোট ৫২টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৮০ জনকে। এছাড়াও এসব নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে রাত-দিন কাজ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিজিবি সদস্যরা।
এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যে-কোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলার নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। রোববার পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত মাসিক সভায় আইজিপি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে হবে। এ লক্ষ্যে টহল ও চেকপোস্ট কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। পেশাদারিত্ব, মেধা ও দূরদর্শিতার সঙ্গে যে-কোনো পরিস্থিতি মোকাবিলা করতে হবে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণকে আইনশৃঙ্খলা রক্ষার কাজে সম্পৃক্ত করতে হবে। দেশের ভেতর ও বাইরে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা ধরনের অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে উল্লেখ করে আইজিপি বলেন, কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য বা অপপ্রচারে প্রভাবিত না হয়ে দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।
