কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে নিজের অবস্থান তুলে ধরেছেন দলটির মনোনয়নপ্রত্যাশী চিকিৎসক ও সংগঠক ডা. মো. এরশাদ আহসান সোহেল। তার নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন নেতাকর্মীরা। কর্মসূচি থেকে সোহেলকে দলীয় মনোনয়ন দেয়ার দাবি জানানো হয়। শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত এই আসনের দুই উপজেলা করিমগঞ্জ ও তাড়াইলে মোটরসাইকেল শোডাউন দেয়া হয়। সকাল ১০টার দিকে করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর থেকে মোটরসাইকেল শোডাউন শুরু করা হয়। তাড়াইল উপজেলা ঘুরে বিকালে শোডাউনটি করিমগঞ্জ কলেজ মোড়ে পৌঁছায়।
পরে কলেজ মাঠে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। শোডাউন ও মিছিলে করিমগঞ্জ ও তাড়াইল উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তাদের হাতে ডা. এরশাদ আহসান সোহেলের ছবি সংবলিত পোস্টার ও প্ল্যাকার্ড দেখা যায়। তারা ‘এমপি পদে সোহেল ভাই’ সেøাগান দেন।
এ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. এম ওসমান ফারুক পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। আসনটিতে উপনির্বাচন সামনে রেখে বিএনপি’র মনোনয়নপ্রত্যাশীদের তৎপরতা বেড়েছে। এরই অংশ হিসেবে নিজের অবস্থান তুলে ধরতে এ কর্মসূচির আয়োজন করেন এরশাদ আহসান সোহেলের অনুসারীরা। করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুরের বাসিন্দা ডা. মো. এরশাদ আহসান সোহেল বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর।
ছাত্রজীবন থেকেই বিএনপি’র রাজনীতির সঙ্গে যুক্ত তিনি। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি ছিলেন। পরে ছাত্রদলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এবং কেন্দ্রীয় সংসদের লালটু-হেলাল কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হয়েছিলেন তিনি। এরশাদ আহসান সোহেল কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এবং ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় কার্যকরী সদস্য। ২০১৮ সালেও কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপি’র মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন তিনি। এবারো দলীয় মনোনয়নপ্রত্যাশী হিসেবে তৎপরতা চালাচ্ছেন।
ডা. মো. এরশাদ আহসান সোহেল বলেন, ‘কিশোরগঞ্জ-৩ আসনের মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। এলাকার মানুষের সেবা করার লক্ষ্য নিয়েই রাজনীতিতে যুক্ত হয়েছি। আমি আশাবাদী, দল আমাকে মনোনয়ন দেবে। দল আমাকে মনোনয়ন দিলে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে চাই। মনোনয়নের বিষয়ে দলীয় সিদ্ধান্তের প্রতি আমার আস্থা রয়েছে।’
