অস্থিরতা কাটিয়ে ছন্দে ফিরেছে সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চল

ফন্ট সাইজ:

সাভার-আশুলিয়ায় দীর্ঘদিনের শ্রমিক অসন্তোষ ও অস্থিরতা কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছে সাভার ও আশুলিয়ার পোশাকশিল্প। শ্রমিকদের কাজে ফেরার মধ্যদিয়ে শিল্পাঞ্চলের কারখানাগুলোতে পুরোদমে শুরু হয়েছে উৎপাদন কার্যক্রম। সকাল থেকেই শ্রমিকদের উপস্থিতিতে কর্মচঞ্চল হয়ে উঠেছে কারখানাগুলো। নতুন করে কোথাও শ্রমিক অসন্তোষের খবর না থাকায় শিল্পাঞ্চলে বিরাজ করছে অনেকটাই স্বস্তিদায়ক পরিবেশ। গতকাল সাভার, আশুলিয়া, জিরাবো, বাইপাইল ও জামগড়া এলাকার বিভিন্ন কারখানা ঘুরে এমন চিত্র দেখা গেছে। সকাল থেকেই শ্রমিকরা সারিবদ্ধভাবে কারখানায় প্রবেশ করেন। নির্ধারিত সময়ে শুরু হয় উৎপাদন কার্যক্রম। কারখানার ভেতরে যন্ত্রের শব্দ আর শ্রমিকদের কর্মব্যস্ততায় ফিরে এসেছে চেনা কর্মচাঞ্চল্য।

কারখানা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরে সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলে অস্থিরতা চলছিল। এতে বেশ কিছু কারখানায় উৎপাদন বন্ধ ও ব্যাহত হয়। তবে সরকারের ঘোষিত নতুন মজুরি কাঠামো মেনে শ্রমিকরা কাজে ফিরে আসায় পরিস্থিতির উন্নতি হয়েছে। বর্তমানে অধিকাংশ কারখানায় স্বাভাবিক নিয়মেই উৎপাদন চলছে। আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নতুন করে কোনো কারখানায় শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে শিল্প পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। তিনি আরও বলেন, আগে থেকেই বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩ (১) ধারায় ১১টি কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া দু’টি কারখানায় ছুটি চলছে। এদিকে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরেছে পোশাকশিল্প সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যেও। তারা আশা করছেন, কারখানাগুলোতে নিয়মিত উৎপাদন অব্যাহত থাকলে বিদেশি ক্রেতাদের দেয়া ক্রয়াদেশ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে পণ্য সরবরাহ করা সম্ভব হবে।