কক্সবাজারের ইনানীতে নলকূপ খননের সময় বের হওয়া গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বাপেক্স) সাত সদস্য আহত হয়েছেন। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে বাপেক্সের ডিজিএম ড. আব্দুস ছালাম জানান, সম্প্রতি আগুন নেভানোর পর সেখানে সার্ভের কাজ চলছিল। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং আগুনের কুণ্ডলী বের হয়ে দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় বাপেক্সের ডিজিএম রাকিবুল হাসান, রিগ মেকানিক ফিরোজ আহমেদ, রিগ মেকানিক মোহাম্মদ জনিসহ সাতজন দগ্ধ হন। তাদের মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছেন চিকিৎসকরা। বাকি তিনজন এখনো চিকিৎসাধীন রয়েছেন। এর আগে, টানা এক মাস পর ইনানীর ওই গ্যাসকূপের আগুন নেভানো হয়। এরপর সেখানে সার্ভের কাজ শুরু করা হয়।
গত ২৭শে অক্টোবর কক্সবাজারের ইনানীর ছোট ব্রিজ এলাকায় গভীর নলকূপ স্থাপনের সময় গ্যাস উদ্গীরণ শুরু হয়। একপর্যায়ে বৈদ্যুতিক তার থেকে আগুন ধরে যায়। ৩১ দিন পর আগুন নিয়ন্ত্রণে আসলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে। কিন্তু সেই স্বস্তির মধ্যেই আজ আবার গ্যাসকূপ এলাকায় সার্ভের কাজ চলার সময় হঠাৎ বিস্ফোরণে বাপেক্সের ৭ সদস্য দগ্ধ হয়। এতে নতুন করে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে।
