চাঁদপুরের শাহরাস্তিতে সকাল থেকে নিখোঁজ থাকা শহিদ ইসলাম (৫০) নামে এক ব্যক্তির মরদেহ সন্ধ্যায় নারিকেল গাছের মাথায় ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। মেয়ের টর্চলাইটের আলোয় গাছের মাথায় বাবাকে দেখতে পেয়ে চিৎকার শুরু করে সে। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। শনিবার সন্ধ্যায় উপজেলার চিতোষী পশ্চিম ইউপির কোঁয়ার গ্রামের মসজিদ বাড়িতে এ ঘটনা ঘটে। জানা যায়, শনিবার সকাল ১১টার দিকে গাছের ডাল কাটার কথা বলে বাড়ি থেকে বের হন শহিদ ইসলাম।
দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সন্ধ্যায় তার মেয়ে টর্চলাইট নিয়ে বাড়ির আশপাশে খোঁজ করতে গিয়ে একটি নারিকেল গাছের মাথায় বাবাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। মেয়ের চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে আসেন। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে। খবর পেয়ে চিতোষী পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়দুল কবির বাহাদুর ঘটনাস্থলে যান।
তিনি জানান, মরদেহ উদ্ধারের জন্য প্রথমে শাহরাস্তি ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করা হলে জনবল সংকটের কথা জানানো হয়। পরে পার্শ্ববর্তী মনোহরগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধারকাজে অংশ নেন।
তবে প্রয়োজনীয় উচ্চতার মই না থাকায় চাঁদপুর সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতা চাওয়া হয়। সেখান থেকে একটি দল বড় মই নিয়ে ঘটনাস্থলে পৌঁছে নারকেল গাছের মাথা থেকে মরদেহ নিচে নামিয়ে আনে। স্থানীয় সূত্রে জানা গেছে, শহিদ ইসলাম হাজীগঞ্জের এসআইবিএল ব্যাংকে অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন।
এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে উগারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই বাসেদ ও এএসআই আজাদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
