ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির খেলাপি ঋণ আদায়ে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) কার্যক্রম জোরদার করতে পাঁচটি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ (বিআরপিডি-২) এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।
সার্কুলার অনুযায়ী, গত ২০ আগস্ট জারি করা ‘বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) এর জন্য মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান তালিকাভুক্তিকরণ সংক্রান্ত নীতিমালা, ২০২৬’-এর আওতায় প্রতিষ্ঠানগুলোকে তালিকাভুক্ত করা হয়েছে।
তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো হলো- বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিআইএসি), সিটিজেনস অল্টারনেটিভ ডিসপিউট রেজল্যুশন হাউস, হুধুদ সলিউশনস পিএলসি, লবিং অ্যান্ড দ্য ল (বাংলাদেশ) কোম্পানি লিমিটেড এবং মার্স ফাইন্যান্সিয়াল অ্যান্ড লিগ্যাল কনসালটেন্সি লিমিটেড।
নীতিমালা অনুযায়ী, তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর অনুমোদন তিন বছর বহাল থাকবে, যদি এর মধ্যে তালিকাভুক্তি স্থগিত বা বাতিল করা না হয়। মেয়াদ শেষ হওয়ার অন্তত ৯০ দিন আগে নবায়নের আবেদন করতে হবে।
এছাড়া নীতিমালার শর্ত বা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা পালনে ব্যত্যয় ঘটলে কিংবা যুক্তিসংগত কারণে যে কোনো সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তালিকাভুক্তি স্থগিত বা বাতিল করতে পারবে কেন্দ্রীয় ব্যাংক। প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত ফরম্যাটে নিয়মিত বার্ষিক প্রতিবেদনও জমা দিতে হবে।
সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের আগের ও ভবিষ্যতের এডিআর-সংক্রান্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে বিবদমান পক্ষ এবং মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের পারস্পরিক লিখিত সম্মতির ভিত্তিতে মধ্যস্থতা কার্যক্রম পরিচালনা করতে হবে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা এবং ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩-এর ৪১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। এটি অবিলম্বে কার্যকর হবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।
