বাংলাদেশের শিল্প ও অবকাঠামো খাতে আন্তর্জাতিক মানসম্পন্ন অগ্নিনিরাপত্তা ও আধুনিক সুরক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে গত বৃহস্পতিবার রাজধানীতে শুরু হওয়া তিন দিনব্যাপী ‘১০ম আন্তর্জাতিক ফায়ার, সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো২০২৬’ শেষ হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠিত হয়।
ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএসএসএবি) আয়োজিত এ প্রদর্শনীতে ২০টির বেশি দেশের ১২০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নেয়। প্রদর্শনীতে অগ্নিনির্বাপণ সরঞ্জাম, সিসিটিভি, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নজরদারি, সাইবার নিরাপত্তা, প্রবেশাধিকার নিয়ন্ত্রণ এবং শিল্প নিরাপত্তাসংক্রান্ত প্রযুক্তি প্রদর্শন করা হয়। দেশি-বিদেশি প্রতিষ্ঠানের অত্যাধুনিক প্রযুক্তি ও নিরাপত্তা সরঞ্জাম দেখতে গত তিনদিনে শিল্পোদ্যোক্তা, ব্যবসায়ী, প্রকৌশলী, নিরাপত্তা বিশেষজ্ঞদের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছিল এক্সপো প্রাঙ্গণ। অনুষ্ঠানে ‘ইসাব অগ্নিবীর অ্যাওয়ার্ড’ ও ‘ইসাব সেফটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি বলেন, শিল্পায়ন ও অবকাঠামোগত উন্নয়নের সঙ্গে মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তার বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে শুধু দুর্ঘটনার পর ব্যবস্থা নিলেই হবে না, বরং আগে থেকেই কার্যকর নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলতে হবে। এ জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ জনবল তৈরি এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।
এর আগে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি প্রকৌশলী মো. আশরাফ উদ্দিনের (বকুল) উপস্থিতিতে ‘ঢাকার ক্রমবর্ধমান আকাশচুম্বী ভবন: বহুতল ভবনে অগ্নি ও জীবন নিরাপত্তার চ্যালেঞ্জ এবং আধুনিক স্মার্ট ভবন প্রযুক্তি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক ড. সাদিয়া শারমিনের উপস্থিতিতে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর ডিজিটাল নিরাপত্তা ও সুরক্ষা’শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
ইসাবের সভাপতি স্কোয়াড্রন লিডার (অব.) এম দিদারুল ইসলাম বলেন, বাংলাদেশের শিল্পায়ন ও অবকাঠামো উন্নয়নের সঙ্গে নিরাপত্তার বিষয়টি সরাসরি সম্পর্কিত। আন্তর্জাতিক মানের অগ্নিনিরাপত্তা ও সুরক্ষাব্যবস্থা নিশ্চিত করা গেলে শ্রমিক, শিল্পপ্রতিষ্ঠান ও বিনিয়োগের নিরাপত্তা বাড়বে।
৯ বছরে ১১৬১ প্রাণহানি: ঢাকার ক্রমবর্ধমান আকাশচুম্বী ভবন: উচ্চ ভবনে অগ্নি ও লিফট নিরাপত্তার চ্যালেঞ্জ এবং স্মার্ট বিল্ডিং প্রযুক্তি শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট স্থপতি ইকবাল হাবিব। তিনি মূল প্রবন্ধে বলেন, জমির অভাব, ভূমির ক্রমবর্ধমান মূল্য, নগরকেন্দ্রিক জনসংখ্যা ও মিশ্র-ব্যবহারের ভবন বাড়ায় ঢাকার আকাশরেখা দ্রুত বদলে যাচ্ছে। কিন্তু এই উলম্ব সম্প্রসারণের সঙ্গে পাল্লা দিয়ে নিরাপত্তা অবকাঠামো, আইনের প্রয়োগ ও জরুরি প্রস্তুতি গড়ে ওঠেনি। ফলে এসডিজি-১১ এর লক্ষ্য, অর্থাৎ নিরাপদ, সহনশীল ও টেকসই শহর গড়ার আকাঙ্ক্ষা ঝুঁকির মুখে পড়েছে।
২০১৭ থেকে ২০২৫ সালের মধ্যে দেশে ২,০৯,৯৩৯টি অগ্নিকাণ্ডে ১,১৬১ জন মারা গেছেন এবং ৩,৭৯২ জন আহত হয়েছেন। বেইলি রোড ও এফআর টাওয়ারের ঘটনা থেকে জানা গেছে, অনুমোদনহীন নির্মাণ, বেআইনিভাবে ভবনের ব্যবহার পরিবর্তন, নকশা ও প্রকৌশলগত ত্রুটি, উলম্ব শ্যাফটের মধ্য দিয়ে ধোঁয়া ছড়ানো (স্ট্যাক এফেক্ট), অপর্যাপ্ত নির্গমন পথ এবং অগ্নিনির্বাপণ সক্ষমতার সীমাবদ্ধতা মিলে কীভাবে একটি স্থানীয় আগুন ভয়াবহ বিপর্যয়ে রূপ নেয়। ইকবাল হাবিব বলেন, অগ্নিকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা নয়। এগুলো পরিকল্পনা, নকশা, অবকাঠামো ও শাসনব্যবস্থার পদ্ধতিগত ব্যর্থতার প্রকাশ।এজন্য অগ্নিনিরাপত্তাকে নকশার প্রথম ধাপ থেকে শুরু করে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ পর্যন্ত ভবনের পুরো জীবনচক্রে বিবেচনা করতে হবে।
