ফায়ার, সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপোতে ব্যাপক সাড়া

ফায়ার, সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপোতে ব্যাপক সাড়া

ফন্ট সাইজ:

রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে ১০ম আন্তর্জাতিক ফায়ার, সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো। অগ্নিনিরাপত্তা, শিল্পকারখানার সুরক্ষা ও আধুনিক নিরাপত্তা প্রযুক্তি নিয়ে রাজধানীতে শুরু হওয়া এই এক্সপোতে ব্যাপক সাড়া পড়েছে। দেশি-বিদেশি প্রতিষ্ঠানের অত্যাধুনিক প্রযুক্তি ও নিরাপত্তা সরঞ্জাম দেখতে প্রদর্শনীতে ভিড় করছেন শিল্পোদ্যোক্তা, ব্যবসায়ী, প্রকৌশলী, নিরাপত্তা বিশেষজ্ঞরা। তাদের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে প্রদর্শনী প্রাঙ্গণ। দর্শনার্থীরা জানান, শিল্পকারখানায় অগ্নিনিরাপত্তা ও কর্মপরিবেশের সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ করে আধুনিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা, স্মার্ট ফায়ার অ্যালার্ম, স্বয়ংক্রিয় অগ্নিনির্বাপণ যন্ত্র, সিসিটিভি, এআইভিত্তিক নজরদারি, অ্যাকসেস কন্ট্রোল ও সাইবার নিরাপত্তা প্রযুক্তির প্রতি দর্শনার্থীদের আগ্রহ বেশি দেখা যাচ্ছে। বিভিন্ন স্টলে এসব প্রযুক্তির কার্যকারিতা তুলে ধরছেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা। পাশাপাশি পণ্য সম্পর্কে বিস্তারিত জানতে চাইছেন দর্শনার্থীরা। কেউ কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সরঞ্জামের খোঁজ করছেন, আবার কেউ বাসাবাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য আধুনিক নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে ধারণা নিচ্ছেন।

গত বৃহস্পতিবার শুরু হয়েছে তিন দিনব্যাপী এ প্রদর্শনী। ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইসাব) আয়োজিত এ এক্সপো চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত। এতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং যুক্তরাষ্ট্রভিত্তিক ন্যাশনাল ফায়ার প্রোটেকশন এসোসিয়েশন (এনএফপিএ) সহযোগিতা করছে।

আয়োজকদের তথ্যমতে, এবারের প্রদর্শনীতে প্রায় ৩০টি দেশের ১২০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। ১৩টির বেশি পণ্য ও সেবা বিভাগে নিজেদের প্রযুক্তি ও নিরাপত্তাসামগ্রী তুলে ধরছে প্রতিষ্ঠানগুলো। বৃহস্পতিবার এক্সপোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা নজরুল ইসলাম খান।

প্রদর্শনীতে আসা সাইফুল বলেন, আগুন লাগার পর ব্যবস্থা নেয়ার চেয়ে আগুন লাগার আগেই প্রতিরোধের ব্যবস্থা করা বেশি জরুরি। এখানে এসে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তি সম্পর্কে অনেক কিছু জানতে পারছি। বিশেষ করে স্বয়ংক্রিয় অগ্নিনির্বাপণ ও অ্যালার্ম সিস্টেম আমাদের শিল্পকারখানায় ব্যবহার করা প্রয়োজন।
প্রদর্শনীতে অংশ নেয়া একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা খালিদ জানান, আগের তুলনায় ফায়ার সেফটি ও নিরাপত্তা প্রযুক্তি নিয়ে মানুষের আগ্রহ বেড়েছে। বিশেষ করে পোশাক কারখানা, শিল্পপ্রতিষ্ঠান, হাসপাতাল, শপিংমল ও বহুতল ভবনের জন্য আধুনিক নিরাপত্তা সরঞ্জামের চাহিদা বাড়ছে।

ইসাবের সভাপতি স্কোয়াড্রন লিডার (অব.) এম দিদারুল ইসলাম বলেন, এ ধরনের আন্তর্জাতিক প্রদর্শনী স্থানীয় উদ্যোক্তা ও শিল্পপ্রতিষ্ঠানগুলোকে বিদেশি প্রযুক্তি সরবরাহকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ করে দিচ্ছে। একই সঙ্গে নতুন প্রযুক্তি সম্পর্কে ধারণা, ব্যবসায়িক যোগাযোগ এবং বিনিয়োগের সম্ভাবনাও তৈরি হচ্ছে।
আয়োজকদের প্রত্যাশা, এবারের এক্সপো দেশের শিল্প ও অবকাঠামো খাতে আন্তর্জাতিক মানের অগ্নি ও নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে। কনভেনিং স্পনসর হিসেবে রয়েছে নাফকো।