ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি আন্তর্জাতিক ফ্লাইট হঠাৎ উড্ডয়ন বাতিল হয়েছে। রোববার এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা এয়ারলাইন্স জানায়, রবিবার বিকেল ৪টা ১০ মিনিটে বিএস-৩৬১ ফ্লাইটটি ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রার পূর্বমুহূর্তে উড্ডয়ন বাতিল করা হয়। ইন্সট্রুমেন্ট ইনডিকেশন মিসম্যাচ হওয়ার কারণে ককপিটে যান্ত্রিক ত্রুটির নির্দেশনা আসার সঙ্গে সঙ্গে পাইলট ইন কমান্ড যাত্রা বাতিলের সিদ্ধান্ত নেন, যা এভিয়েশনে একটি স্বাভাবিক ঘটনা।
শেষ মুহূর্তে উড্ডয়ন বাতিল করার কারণে রানওয়ে এবং চাকার অতিরিক্ত ঘর্ষণজনিত কারণে ধোঁয়ার সৃষ্টি হয়। এয়ারক্রাফটের ইঞ্জিন, চাকা, ল্যান্ডিং গেয়ার বা অন্য কোনো যন্ত্রাংশে আগুন লাগেনি। এয়ারক্রাফটটি সব প্রসিডিউর মেনে রানওয়ে থেকে পার্কিং এরিয়ায় নিয়ে এসে যাত্রীদের দ্রুত নামানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সব যাত্রী নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে অবস্থান করছেন। ইউএস-বাংলা এয়ারলাইন্সের আরেকটি এয়ারক্রাফট ওই ফ্লাইটের যাত্রীদের নিয়ে জেদ্দার উদ্দেশ্যে রওনা করবে।
