সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় গোপালগঞ্জের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক যুবকের নাম প্রান্ত তালুকদার (২০)। শনিবার বিকালে হিজলদী সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। শনিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। আটক প্রান্ত তালুকদার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামের উত্তম তালুকদারের ছেলে। সাতক্ষীরা বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, প্রান্ত তালুকদার ২০২৫ সালে গোপালগঞ্জ জেলার গোপালপুর ইউনিয়নের ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য পদ লাভ করেন। তবে সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাকে ওই পদ থেকে বহিষ্কার করা হয়।
তিনি আরও জানান, চলতি বছরের ১৯ ও ২০শে নভেম্বর গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের সরকারবিরোধী প্রতিবাদ মিছিলে অংশ নিয়ে বিভিন্ন স্থানে ভাঙচুর চালানোর অভিযোগ রয়েছে প্রান্ত তালুকদারের বিরুদ্ধে। এরপর গত ২৬শে নভেম্বর অবৈধভাবে ভারতে প্রবেশ করে হাকিমপুর এলাকার একটি গ্রামে অবস্থান করেন তিনি। সেখান থেকে শনিবার অবৈধ পথে বাংলাদেশে ফেরার সময় বিজিবি সদস্যরা তাকে আটক করেন। আটক যুবককে জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি’র অধিনায়ক। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আটক যুবকের বিরুদ্ধে বিজিবি’র পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।
