টেকনাফের বাহারছড়া সংলগ্ন সাগর এলাকায় মালয়েশিয়াগামী একটি বোট থেকে নারী, পুরুষ ও শিশুসহ ৩১৭ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মানব পাচারে জড়িত থাকার অভিযোগে ৭ জন পাচারকারীকে আটক করা হয়েছে। আটককৃত পাচারকারীর মধ্যে দুইজন রোহিঙ্গা। এ ছাড়া উদ্ধার হওয়া ৩১৭ জনের মধ্যে ২৭০ জন বাংলাদেশি পুরুষ, ২৬ জন রোহিঙ্গা পুরুষ, ১৭ জন রোহিঙ্গা নারী, একজন বাংলাদেশি নারী এবং চারজন শিশু রয়েছে। এদের মধ্যে প্রায়ই স্বেচ্ছায় মালয়েশিয়া যেতে দালালের মাধ্যমে আসেন। আবার অনেককে অপহরণ করে নিয়ে আসা হয়েছে। টেকনাফ শাহপরীর দ্বীপ কোস্ট গার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ইসমাম হাছান ফাহিম রোববার দুপুর ১টায় কেরুনতলী কোস্ট গার্ড স্টেশন প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফ থানাধীন বাহারছড়ার বড়ডেইল শামুক বিচ সংলগ্ন সমুদ্র এলাকা দিয়ে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বিপুলসংখ্যক মানুষকে নিয়ে যাওয়া হচ্ছে।
এমন সংবাদে রোববার ভোর ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন শাহপরী, টেকনাফ, স্টেশন ইনানী ও আউটপোস্ট বাহারছড়ার সমন্বয়ে ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দিলে সেটি সংকেত অমান্য করে দ্রুত গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করে। পরে আভিযানিক দল ধাওয়া করে বড়ডেইল শামুক বিচ সমুদ্র এলাকা থেকে বোটটি আটক করে। বোটটিতে তল্লাশি চালিয়ে ৩১৭ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং ৭ জন মানব পাচারকারীকে আটক করা হয়। ?জানা গেছে, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপন, উচ্চ বেতনের চাকরি ও সহজে বিদেশযাত্রার প্রলোভন দেখিয়ে কক্সবাজার ও টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা করেছিল।
কক্সবাজারের মহেশখালীর ডেবাইঙ্গাপাড়ার বাসিন্দা মো. করিম উল্লাহ জানান, একজন দালালের মাধ্যমে ৩ লাখ টাকায় ৪-৫ দিনের মধ্যে মালয়েশিয়া পৌঁছে দেয়ার চুক্তিতে টেকনাফে আসেন। সেখানে পাহাড়ে ৩ দিন ধরে বন্দি রেখে শনিবার দিবাগত রাতে বোটে বাহারছড়ার সাগর উপকূল দিয়ে যাওয়ার সময় কোস্ট গার্ডের হাতে আটক হন। তিনি স্বেচ্ছায় মালয়েশিয়া যেতে আসছিলেন। তিনি আরও জানান, এমন কষ্ট ও ভোগান্তি হবে জানলে কখনো আসতেন না। ফরহাদ নামের এক যুবক জানান, ৫-৬ দিনে মালয়েশিয়া পৌঁছে দেয়ার কথায় বোটে উঠি। যাত্রার মহূর্তে কোস্ট গার্ড আটক করে। এদিকে কোস্ট গার্ড সূত্র আরও জানিয়েছে, উদ্ধারকৃত ভুক্তভোগী, আটককৃত বোট এবং মানব পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং মানবপাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
