সকালের মিষ্টি রোদ তখনও পুরোপুরি ফোটেনি। কাঁধে বইয়ের ব্যাগ নিয়ে ইছামতি নদীর তীরে এসে দাঁড়িয়েছে ছোট্ট কয়েকটি শিশু। চোখের সামনে ভাসছে সরু এক বাঁশের সাঁকো। পা ফেললেই দুলছে পুরো কাঠামো। বুকের ভেতর দুরুদুরু ভয়, তবুও স্কুলে যেতেই হবে। তাই নিঃশ্বাস বন্ধ করে একে একে সাঁকো পার হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা।
ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের নয়ানগর ও হাসনাবাদ এলাকার চিত্র এটি। নদীর উত্তরে নয়ানগর আর দক্ষিণে হাসনাবাদ গ্রাম হলেও ইছামতি নদী গ্রাম দুইটিকে আলাদা করেছে। দেশ স্বাধীন হওয়ার পাঁচ দশক পেরিয়ে গেলেও এখানকার ইছামতি নদীর উপর গড়ে ওঠেনি কোনো স্থায়ী সেতু। ফলে দোহার ও নবাবগঞ্জের সীমান্তবর্তী অন্তত পাঁচটি গ্রামের কয়েক হাজার মানুষের ভাগ্য ঝুলে আছে নড়বড়ে এই বাঁশের সাঁকোর উপর।
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, আধুনিকতার এই যুগে এসেও নয়ানগরবাসীর যাতায়াতের একমাত্র ভরসা বাঁশের সাঁকো। এলাকাবাসী নিজেদের চাঁদায় প্রতি বছর এই সাঁকো তৈরি ও মেরামত করেন। এবারো প্রায় ৩০ হাজার টাকা খরচ করে সাঁকোটি তৈরি করা হয়েছে। বর্ষা এলে নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে আতঙ্ক। সামান্য বাতাস বা ঢেউয়ে সাঁকোটি দুলতে থাকে। স্থানীয়দের ভাষায়, এটি এখন আর পারাপারের মাধ্যম নয়, রীতিমতো এক মরণফাঁদে পরিণত হয়েছে। ইতিপূর্বে সাঁকো থেকে পড়ে হাত-পা ভাঙার ঘটনা ঘটেছে অহরহ। এমনকি সাঁতার না জানায় পানিতে ডুবে প্রাণ হারানোর মতো হৃদয়বিদারক ঘটনাও ঘটেছে এই ঘাটে।
সাঁকো পার হওয়ার সময় কথা হয় ১০ম শ্রেণির শিক্ষার্থী তানভীর আহমেদের সঙ্গে। আতঙ্কিত কণ্ঠে সে বলে, ‘বর্ষাকালে সাঁকোটা যখন দুলে, তখন খুব ভয় লাগে। একবার পা পিছলে বইখাতা সব পানিতে ভিজে গিয়েছিল। তবুও তো স্কুলে যেতে হয়, তাই ভয় নিয়েই পার হই।’
সেতু না থাকায় সবচেয়ে বেশি বিপাকে আছেন শিক্ষার্থী ও অসুস্থ রোগীরা। নয়ানগর এলাকার ছেলেমেয়েদের প্রতিদিন জীবন বাজি রেখে সাঁকো পেরিয়ে হাসনাবাদ ও বান্দুরার স্কুল-কলেজে যেতে হয়। অভিভাবকরা সন্তানদের স্কুলে পাঠিয়ে সারাক্ষণ দুশ্চিন্তায় থাকেন। তার ওপর নদীতে সেতু না থাকায় এলাকায় কোনো এম্বুলেন্স বা মালবাহী গাড়ি ঢুকতে পারে না। গভীর রাতে কেউ অসুস্থ হলে বা কোনো প্রসূতি মায়ের জরুরি চিকিৎসার প্রয়োজন হলে ভোগান্তির সীমা থাকে না।
নয়ানগর এলাকার গৃহবধূ রোকেয়া বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘গেল মাসে আমার শাশুড়ি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। গ্রামে এম্বুলেন্স ঢুকতে না পারায় রাতের অন্ধকারে কয়েকজন মিলে ওনাকে কোলে করে বাঁশের সাঁকো পার করেছেন। সেদিন একটু এদিক-সেদিক হলেই বড় দুর্ঘটনা ঘটতো।
স্থানীয় বাসিন্দাদের আক্ষেপ, নির্বাচনের আগে প্রার্থীরা এসে সেতু নির্মাণের নানা প্রতিশ্রুতি দেন। কিন্তু ভোট শেষ হলেই সব ভুলে যান। দীর্ঘদিনের এই বঞ্চনা থেকে মুক্তি পেতে নয়ানগর ও আশপাশের এলাকার মানুষ রাস্তায় নেমে মানববন্ধন, বিক্ষোভ ও মৌন মিছিল পর্যন্ত করেছেন। তবুও টনক নড়েনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
রুকসানা নামে এক গৃহবধূ বলেন, নির্বাচন এলে আশ্বাস আর আশ্বাস। কিন্তু এরপর সব ভুলে যায়। চেয়ারম্যান মেম্বাররা যে কি করে আল্লাহ জানে। সামনে নির্বাচন আবারো আমাদের সেতু হয়ে যাবে, তবে কল্পনায়।
নয়ানগর এলাকার এক প্রবীণ বাসিন্দা আব্দুল মান্নান বলেন, ‘বাপ-দাদার আমল থেইকা শুনতাছি এইখানে ব্রিজ হইবো। আমাগো জীবন তো সাঁকো পার হইতে হইতেই শ্যাষ হইয়া গেল। মরার আগে অন্তত একটা ব্রিজ দেইখা যাইতে চাই।’
একই এলাকার কামাল হোসেন বলেন, ‘সালমা ইসলাম এমপি থাকার পর ব্রিজ হইবো শুনে খুশি হইছিলাম। এরপর সয়েল টেস্টও হইছে। তাদের খুব আপ্যায়নও করছিলাম। কিন্তু ব্রিজ আজ হইলো না। দেখি নতুন সরকার আমাদের দুঃখ দেখে কিনা।
তার কথা শেষ হতে না হতেই আনোয়ার হোসেন নামে এক ব্যবসায়ী বলেন, আমাদের কষ্ট শেষ হওয়ার না। এখন তো ভাঙাচুরা একটা বাঁশের ব্রিজ আছে। বর্ষায় এটাও থাকে না। তখন রাতে বিপাকে পড়তে হয় আমাদের। বান্দুরা ঘুরে বাসায় আসতে হয়। ৬ মাস বাঁশের সেতু আর ৬ মাস নৌকা এই তো আমাদের জীবন। এলাকাবাসীর একটাই দাবি- বান্দুরা-হাসনাবাদ ও নয়ানগরের সংযোগস্থলে ইছামতি নদীর উপর দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণ করা হোক এবং সংযোগ সড়কটি সংস্কার করা হোক। এতে যেমন কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের অভিশাপ ঘুচবে, তেমনি এ অঞ্চলের অর্থনীতি ও জীবনযাত্রায় আসবে নতুন গতি।
ইছামতির বুকে নড়বড়ে সাঁকো
ইমরান হোসেন সুজন, নবাবগঞ্জ (ঢাকা) থেকে
৩০ নভেম্বর (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
