বরগুনার আমতলীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতি করায় ছেলেকে এফিডেভিটের মাধ্যমে ত্যাজ্য ঘোষণা করেছে বাবা। ছেলে রাহাত মিয়া আমতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। রাহাত পৌরসভা ওয়াপদা সড়ক এলাকার ইদ্রিস মৃধার ছেলে। রাহাত মৃধা ছাত্রলীগের রাজনীতি করায় বাবা ইদ্রিস মৃধা তাকে ত্যাজ্য ঘোষণা করেছেন। ঘোষণাপত্রে তিনি উল্লেখ করেছেন রাজনীতি করার কারণে তার সঙ্গে পারিবারিক ও সামাজিকভাবে সকল ধরনের সম্পর্ক ছিন্ন করেছেন।
গত বৃহস্পতিবার আমতলীর নোটারী পাবলিক কার্যালয়ে উপস্থিত হয়ে ছেলে রাহাত মিয়ার সঙ্গে সবধরনের সম্পর্ক ছিন্ন করে ইদিৃস মৃধা। বিষয়টি জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয় জেলা জুড়ে। এফিডেভিট সূত্রে জানা যায়, ইদ্রিস মৃধার মেজো ছেলে রাহাত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। বাবা ইদ্রিস বারবার রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত না হওয়ার জন্য নিষেধ করলেও রাহাত তার কথা শোনেনি। উল্টো সে বাবা ইদ্রিসের ওপর ক্ষিপ্ত হয়। এ কারণে ছেলে রাহাত মিয়ার সঙ্গে সকল ধরনের সামাজিক ও পারিবারিক সম্পর্ক ছিন্ন মর্মে এফিডেভিট করে।
এ বিষয়ে ইদ্রিস মৃধা বলেন, আমি রাজনীতি করি না। ছেলেকে বলেছি এসব না করতে। ও আমার কথা শোনে না। ওর জন্য আমার অনেক হয়রানির শিকার হতে হয়েছে। ও কারও কোনো কথার তোয়াক্কা করে না। নিজের খেয়াল খুশি মতন চলে। তাই আমি আমার বাকি জীবনের ভবিষ্যৎ চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছি। আমার মেজো ছেলে রাহাত মৃধার সঙ্গে কোনো যোগাযোগ বা সম্পর্ক নাই যা আমি অঙ্গীকারনামায় ঘোষণা করেছি। এ বিষয় আমতলী উপজেলা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত মৃধা বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ আমার প্রাণ। আমাকে ত্যাজ্য করলেও আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে থেকে জীবন কাটাতে চাই। আমাকে পরিবার থেকে বিছিন্ন করলেও কোন সমস্যা নেই।
