সাঁকো থেকে পড়ে ঘটছে দুর্ঘটনা, ঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা

সাঁকো থেকে পড়ে ঘটছে দুর্ঘটনা, ঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা

ফন্ট সাইজ:

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার পূর্ব বাতাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের সরকারি খালের উপর কোনো সেতু (ব্রিজ) না থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন শিক্ষার্থী ও এলাকাবাসী। নিরুপায় হয়ে গ্রামবাসীর উদ্যোগে নির্মিত বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। এতে সন্তানদের স্কুলে পাঠিয়ে সব সময় চরম উদ্বেগ ও আতঙ্কে থাকেন অভিভাবকরা।

সরজমিন ও বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০০৬ সালে ৩৩ শতাংশ সম্পত্তির উপর পূর্ব বাতাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। কিন্তু প্রতিষ্ঠার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিদ্যালয়ের পাশের খালটির উপর কোনো পাকা সেতু নির্মিত হয়নি। বাধ্য হয়ে গ্রামবাসীর সহযোগিতায় একটি সাঁকো নির্মাণ করা হয়েছে। প্রতিদিন এই ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়েই বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দারা যাতায়াত করেন। বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, বর্ষাকালে সাঁকোটি অত্যন্ত পিচ্ছিল হয়ে থাকে। প্রায়ই পা পিছলে সাঁকো থেকে নিচে পড়ে গিয়ে বই-খাতা নষ্ট হওয়ার পাশাপাশি অনেকে গুরুতর আহত হচ্ছে। এ ছাড়াও বিদ্যালয়টির চারপাশে পানি ও সামনে একটি বড় ডোবা থাকায় ঝুঁকি আরও বেড়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন জানান, সামনের ডোবাটি ইতিমধ্যে বিদ্যালয়ের প্রায় ১৭ শতাংশ জমি গ্রাস করে নিয়েছে। দ্রুত এই ডোবাটি ভরাট করা না হলে ভবিষ্যতে বিদ্যালয় ভবনটি রক্ষা করা কঠিন হয়ে পড়বে। স্থানীয় অভিভাবকরা আক্ষেপ করে বলেন, ২০০৬ সাল থেকে আজ অবধি এই খালের উপর কোনো ব্রিজ নির্মাণ করা হয়নি। স্কুলের চারপাশে পানি থাকায় ছোট ছোট ছেলেমেয়েরা খেলাধুলা করতে গিয়ে যেকোনো মুহূর্তে পানিতে পড়ে বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারে। সন্তানদের স্কুলে পাঠিয়ে তারা সব সময় আতঙ্কে থাকেন- কখন যে কার সন্তান আহত হয়ে বাড়ি ফেরে। কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এবং বিদ্যালয়টি রক্ষায় কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত খালের উপর একটি পাকা সেতু নির্মাণ এবং বিদ্যালয়ের সামনের ডোবাটি ভরাটের জোর দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।