অপহরণ-হত্যা মামলার পলাতক আসামি ২৪ বছর পর ঢাকায় গ্রেপ্তার

অপহরণ-হত্যা মামলার পলাতক আসামি ২৪ বছর পর ঢাকায় গ্রেপ্তার

ফন্ট সাইজ:

দীর্ঘ ২৪ বছর ধরে ছদ্মনামে আত্মগোপনে থাকা ২০০২ সালের অপহরণ ও হত্যা মামলার এক পরোয়ানাভুক্ত আসামিকে ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তা ও দীর্ঘ অনুসন্ধানের পর শনিবার রাতে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামি মো. আজাদ (৫৫), যিনি আজাদ ওরফে নুর আলম নামেও পরিচিত। তিনি ফেনীর ছাগলনাইয়া উপজেলার উত্তর কুহুমা শান্তির বাজার এলাকার বাসিন্দা। তার পিতা আমির হোসেন ওরফে হোসেন আহাম্মদ এবং মাতা সখিনা খাতুন।
পুলিশ সূত্রে জানা যায়, ২০০২ সালের ২৯শে জুলাই ফেনী সদর থানায় দায়ের করা একটি অপহরণ ও হত্যা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। অপহরণ ও হত্যাকাণ্ডের পর থেকেই সে পলাতক ছিল।

ছাগলনাইয়া থানার এসআই মো. গোলাম মোস্তফার কাছে পরোয়ানাটি তামিলের দায়িত্ব অর্পণের পর আসামিকে গ্রেপ্তারে বিভিন্নভাবে অনুসন্ধান চালানো হয়। একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তা ও দীর্ঘ অনুসন্ধানের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। পরে শনিবার রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ও এসআরবি-১০ এর যৌথ উদ্যোগে ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আসামিকে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু তাহের জানান, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অন্যান্য পলাতক আসামিদেরও পর্যায়ক্রমে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার প্রচেষ্টা চলছে।