নেত্রকোণায় কাফনের কাপড় পাঠিয়ে ছাত্রদল নেতাকে হত্যার হুমকি

নেত্রকোণায় কাফনের কাপড় পাঠিয়ে ছাত্রদল নেতাকে হত্যার হুমকি

ফন্ট সাইজ:

নেত্রকোণায় কাফনের কাপড় পাঠিয়ে ছাত্রদল নেতাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। পৌরশহরের সাতপাই লেভেলক্রসিং এলাকায় নেত্রকোণা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. আমিরুল ইসলামের ব্যক্তিগত কার্যালয়ের সামনে কাফনের কাপড়, গোলাপ জল, আগরবাতি ও হুমকি সংবলিত চিরকুট রেখে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার ভোররাতে কোনো এক সময় এ ঘটনা ঘটে থাকতে পারে বলে জানান ছাত্রদল নেতা আমিরুল ইসলাম। তিনি দাবি করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা সর্বহারা গ্রুপের নাম ব্যবহার করে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তিনি চিরকুটে আগামী ১৬ই ডিসেম্বর শহরের জুলাই স্মৃতিস্তম্ভের সামনে তাকে ধরে নিয়ে গুলি করে হত্যার হুমকি দেয়া হয়েছে বলেও অভিযোগ করেন।

তিনি আরও জানান, সকালে খবর পেয়ে ব্যক্তিগত কার্যালয়ের সামনে কাফনের কাপড়সহ হুমকির উপকরণ দেখতে পান তিনি। বিষয়টি স্থানীয় নেতৃবৃন্দকে অবগত করা হয়েছে। ঘটনার বিষয়ে নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।