সুনামগঞ্জের জগন্নাথপুরে ভেতর থেকে বন্ধ ঘরের দরজা ভেঙে আব্দুর রূপ (৬৫) নামে এক ভাঙ্গাড়ি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার বিকালে জগন্নাথপুর পৌরসভার ইসহাকপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুর রূপ উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদীপুর গ্রামের মৃত আয়াজ আলীর ছেলে। তিনি স্থানীয়ভাবে ভাঙ্গাড়ি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি ওই এলাকায় বসবাস করে ভাঙ্গাড়ি ব্যবসা করছিলেন। গত শুক্রবার বিকালের পর থেকে তাকে আর কেউ দেখতে পাননি। রোববার দুপুরে স্থানীয় লোকজন তার খোঁজে বাসায় গিয়ে ঘরের ভেতর থেকে পচা গন্ধ পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।
জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে। সোমবার ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বাভাবিক মৃত্যুর ঘটনা। তিনি একজন বয়স্ক ব্যক্তি ছিলেন।
